West Bengal Weather Update: তাপপ্রবাহ শেষে ফের ঝড়বৃষ্টি, শনিতেই ভোল পাল্টাবে আবহাওয়া! বড়সড় পূর্বাভাস
West Bengal Weather Update: চলতি সপ্তাহের শুরু থেকেই যে গরমের দাপট দেখা গিয়েছে, তাতে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক স্থানে ৪০ ডিগ্রি পেরিয়ে গিয়েছে তাপমাত্রা। তাপপ্রবাহের পরিস্থিতি ছিল পশ্চিমের জেলাগুলিতে। তবে এরই মাঝে সুখবর। ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস শোনাল আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহান্তেই ঝড় বৃষ্টি শুরু হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকেই ভোল পাল্টাবে আবহাওয়া। ধীরে ধীরে তীব্র গরমের দাপট ও আর্দ্রতাজনিত অস্বস্তি কমবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদের বেশকিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামতে পারে।

শনিবার থেকে শুরু করে পরের সপ্তাহের গোটাটাই বৃষ্টিতে ভিজতে পারে রাজ্যের একাধিক জেলা। ফলে এক ধাক্কায় ৬-৭ ডিগ্রি পর্যন্ত নামতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। বৃষ্টির পাশাপাশি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে।
এদিকে বৃহস্পতিবারের পর শুক্রবারেও চাঁদি ফাটা রোদ বজায় থাকবে। তীব্র গরমে বাড়বে ভোগান্তি। শুক্রবার কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, শুক্রবার তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে পশ্চিমের একাধিক জেলায়।
শুক্রবার তাপপ্রবাহের সম্ভাবনা পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায়। লাল সতর্কতা জারি করা হয়েছে জেলাগুলিতে। তাপপ্রবাহের পরিস্থিতি পুরুলিয়া ও বীরভূমেও থাকবে। তবে শনিবার থেকে বদলে যাবে আবহাওয়া। পরের সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা নেমে যেতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসে। সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ২৫ ডিগ্রিতে।
এদিকে উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তাপমাত্রা বাড়ছে। গরমজনিত অস্বস্তি রয়েছে সেখানেও। তবে উত্তরবঙ্গেও শনিবারের বেলার দিক থেকে পাল্টাতে পারে আবহাওয়া। ফলে রবিবার থেকে তাপমাত্রা খানিকটা কমতে পারে। মালদহ, দার্জিলিং, কালিম্পংয়ে শনিবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এরপর রবিবার থেকে উত্তরের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তিন থেকে চারদিন বৃষ্টি চলবে।












Click it and Unblock the Notifications