West Bengal Weather Update: জেলায় জেলায় তাপপ্রবাহ, মার্চেই ৩৮ ডিগ্রি! এরপর কী হবে? জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস
West Bengal Weather Update: মার্চের মাঝামাঝি সময়ে এসে চরমে গরম। রবিবার ও সোমবার চরম তাপপ্রবাহ একাধিক জেলায়। তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, মার্চ থেকেই গরম আরও বাড়বে। ভরা বসন্ত আর নেই, তীব্র গরমে নাজেহাল অবস্থা কলকাতা-সহ দক্ষিণবঙ্গবাসীর। তবে সপ্তাহান্তে রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনাও। কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল বিস্তারিত আপডেট।
রবিবার একলাফে অনেকটা বেড়েছে তাপমাত্রা। রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গজুড়ে রীতিমতো বাড়বে গরম। মার্চের মাঝামাঝিতেই ৪০ ডিগ্রি ছুঁইছুঁই পারদ। রবিবার তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পশ্চিমের ছয় জেলায়। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহ চলবে। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তার বেশি থাকবে এই চার জেলার তাপমাত্রা।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও রবিবার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। আর তাই কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর,পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আপাতত শুষ্কই থাকবে আবহাওয়া। আগামী পাঁচদিন অন্তত কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
তবে সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গে। বৃহস্পতিবার ২০ মার্চ থেকে শনিবার ২২ মার্চ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। ফলে তাপমাত্রা একলাফে ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে বলেও পূর্বাভাস।
তবে আগামী তিন দিন সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে। গরমজনিত অস্বস্তিও বাড়বে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভ্যাপসা গরম অনুভূত হবে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। রাতেও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬০ থেকে ৯৩ শতাংশ থাকবে।
এদিকে রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। এই দুই জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ারেও। সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা শিলিগুড়িতে। রবিবার শিলিগুড়ি ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।












Click it and Unblock the Notifications