ব্যাপক বজ্রপাতের সঙ্গে দমকা হওয়া বইবে ৪০-৫০ কিমি বেগে! বাংলার একের পর এক জেলার জন্য সতর্কবার্তা
West Bengal Weather: শনিবার সকাল থেকে আকাশ মেঘলা। শুক্রবার সন্ধের পর থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, যেমন পূর্ব মেদিনীপুর, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, উত্তর ২৪ পরগনা ও নদিয়ার কোনও কোনও জায়গায় ব্যাপক বজ্রপাত ও দমকা হাওয়া-সহ বৃষ্টি হয়। আবহাওয়া দফতর এদিনও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
শনিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং ও কালিম্পং-এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ রবিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। ওই দিন কোথাও বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস আপাতত নেই। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিন ও রাতের আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, পরের তিন দিনে তা ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।
শনিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। যে কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ রবিবার একই পরিস্থিতি তৈরি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে। এছাড়া হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়ায় ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। যে কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, পরের তিন দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
শনিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। বিকেল কিংবা সন্ধের দিকে কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। শুক্রবার যা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৬ শতাংশ এবং ৩৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ৬.৪ মিমি।












Click it and Unblock the Notifications