West Bengal Weather: বাংলা উপকূলের কাছে পরপর দুটি ঘূর্ণাবর্ত! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
West Bengal Weather: গাঙ্গেয় উপকূলে ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় শনিবার বৃষ্টি হয়েছে এবং হচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গে এদিন বৃষ্টি কমেছে। রবিবার ফের তা বাড়বে। আবহাওয়া দফতর জানিয়েছে ১৮ জুলাই মঙ্গলবার নাগাদ আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে।
শনিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, শনিবারের জন্য উত্তরবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

রবিবারের আবহাওয়ার পূর্বাভাসে শনিবার বিকেলে জানানো হয়েছে, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি ছয় জেলা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
শনিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রবিবার আবহাওয়ার পূর্বাভাসে শনিবার বিকেলে বলা হয়েছে, কোথাও আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।

আবহাওয়া দফতর শনিবার বিকেলে (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।
সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। দুই তাপমাত্রাই স্বাভাবিক। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ, সর্বনিম্ন ৬৫ শতাংশ।
আবহাওয়া দফতর জানিয়েছে, (West Bengal Weather) উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ওড়িশা ও গাঙ্গেয় বঙ্গ উপকূলের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা আগামী ২-৩ দিন সময়ের মধ্যে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের ওপরে চলে যাবে।
অন্যদিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে ১৮ জুলাইয়ের আশপাশের সময়ে। সেখানেই নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে।












Click it and Unblock the Notifications