West Bengal Weather: নবমী-দশমী নয়, নিম্নচাপের বৃষ্টির রেশ থাকবে পুজোর পরেও! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া
West Bengal Weather: শুক্রবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। রবিবার তা আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। এই সিস্টেমের প্রভাবে সোমবার নবমীর দিন থেকে বৃহস্পতিবার দ্বাদশীর দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
শনিবার সপ্তমীর সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিনের পাশাপাশি রবিবার অষ্টমীতেও উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা আপাতত নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

শনিবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও রবিবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে রবিবারেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে।
যে কারণে ২৩ অক্টোবর সোমবার নবমীর দিন পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে বৃষ্টির সম্ভাবনা ৩০ থেকে ৪০ শতাংশের মতো। মঙ্গলবার দশমীতে আবহাওয়া আরও খারাপ হওয়ার সম্ভাবনা। এমন কী বুধবার একাদশীর দিনেও আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
দশমী ও একাদশীতে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে বৃষ্টির সম্ভাবনা ৭০ থেকে ৮০ শতাংশের মতো। এছাড়া দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা ৩০ থেকে ৪০ শতাংশের মতো।
২৬ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার দ্বাদশীর দিন পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়ায় কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৩০ থেকে ৪০ শতাংশের মতো। এইদিন বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
শনিবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। রবিবার পর্যন্ত কলকাতার আবহাওয়া শুকনো থাকলেও সোমবার থেকে বুধবারের মধ্যে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, ২২ অক্টোবর নাগাদ গভীর নিম্নচাপের কারণে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে হাওয়ার বেগ ঘন্টায় ৪৫ কিমির বেশি থাকতে পারে। যে কারণে সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের উদ্দেশে লাল সতর্কতা জারি করে বলা হয়েছে, যাঁরা গভীর সমুদ্রে যাচ্ছে, তাঁরা যেন ২৩ অক্টোবরের মধ্যে ফেরত আসেন। এবং ২৪-এর পাশাপাশি ২৫ অক্টোবর তাঁরা যেন সমুদ্রে মাছ ধরতে না যান।












Click it and Unblock the Notifications