চার জেলায় তাপপ্রবাহের সতর্কতা, সতেরো জেলায় হতে পারে কালবৈশাখী! একনজরে বাংলার আবহাওয়া
West Bengal Weather: শনিবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। আবহাওয়া দফতরের পূর্বাভাস এদিন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এ বীরভূমের কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।
শুক্রবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পানাগড়ে ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ায় ছিল ৪১.৫, সিউড়িতে ৪১, বাঁকুড়ায় ৪০.৫, আসানসোলে ৪০ ডিগ্রি সেলসিয়াস। পানাগড়, পুরুলিয়া ও সিউড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রিরও ওপরে।

শনিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও রবিবার উত্তরবঙ্গের সবকটি জেলায় কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। সঙ্গে কোথাও কোথাও ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে আবার কোথাও কোথাও ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
শনিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়া পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে বিকেল থেকে সন্ধের দিকে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ রবিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
শনিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৭ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। শুক্রবার যা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ৫০ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়নি।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। তবে তারপরে দুই থেকে তিন দিনে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।












Click it and Unblock the Notifications