West Bengal Weather: পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া
West Bengal Weather: শনিবার সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকার আকাশ কিছু মেঘলা। সঙ্গে রয়েছে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন পাঁচ জেলায় তাপপ্রবাহজনিত পরিস্থিতি তৈরি হতে পারে। আট জেলায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
শনিবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন এবং রবিবার উত্তরবঙ্গের সবকটি জেলার কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এছাড়া এই সময়ের মধ্যে জলপাইগুড়ি, কোচবিহার ও মালদহ জেলায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি এবং উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলায় তাপপ্রবাহজনিত পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
শনিবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন জেলাগুলির আবহাওয়া শুকনো থাকলেও, রবিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে।
এই সময়ের মধ্যে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
শনিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ আংশিক মেঘলা থাকতে চলেছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৮ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৮ ডিগ্রি বেশি। শুক্রবার যা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৮ শতাংশ, সর্বনিম্ন ৪৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ ঘন্টায় উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে।












Click it and Unblock the Notifications