West Bengal Weather: পুজোর আগে সাগরে ঘূর্ণাবর্ত! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া
West Bengal Weather: আগামী তিন থেকে চারদিন দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা নেই। আবার জলীয় বাষ্পের পরিমাণও কমছে। যে তাপমাত্রা বৃদ্ধি হয়েছে, তা আগামী কয়েকদিন বজায় থাকবে। ফলে গরম অনুভূত হবে। সঙ্গে কিছুটা জলীয় বাষ্প থাকায় অস্বস্তি অনুভূত হবে। আগামী দু-এক দিনের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায়ের সরকারি ঘোষণা করা হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন ওপরের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। আপাতত দিনের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের পূর্বাভাস নেই।
বৃহস্পতিবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও শুক্রবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। হাল্কা কিংবা ভারী, কোথাও বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গেও তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।
বৃহ্স্পতিবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বুধবার যা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ, সর্বনিম্ন ৪৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টিপাত হয়নি।
এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপরে। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের ওপরেও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে মহালয়ার দিন কোথাও কোনও রকমের সতর্কতা নেই। দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না। উত্তরবঙ্গের কোথাও কোথাও সেদিন বৃষ্টি হলেও হতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, বিহার, ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের আরও কিছু অংশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার কিছু অংশ, কর্নাটকের কিছু অংশ এবং তেলেঙ্গানা, মহারাষ্ট্র এবং মধ্য আবর সাগরে বাকি অংশ থেকে মৌসুমী বায়ু বিদায়ের অনুকূল পরিবেশ তৈরি। বুধবারের মতো বৃহস্পতিবার সকালেও এই আবহাওয়া একই জায়গায় দাঁড়িয়ে।












Click it and Unblock the Notifications