West Bengal Weather Alert: গভীর নিম্নচাপ তীব্র বেগে আসছে উপকূলের দিকে! ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস একাধিক জেলায়
West Bengal Weather Alert: গভীর নিম্নচাপ এদিন বঙ্গোপসাগরে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে ঘন্টায় ১৩ কিমি বেগে। এদিন দুপুর নাগাদ এর অবস্থান ছিল অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে ৪৭০ কিমি দক্ষিণ-পূর্বে, ওড়িশার পারাদ্বীপ থেকে ৬২০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পূর্বে এবং পশ্চিমবঙ্গের দিঘা থেকে ৭৭০ কিমি দক্ষিণে।
আবহাওয়া দফতরের তরফে এর প্রভাবে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি মৎস্যজীবীদের উদ্দেশে ১৬ থেকে ১৮ নভেম্বরের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস
- আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার বাকি সময়ের জন্য পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।যোলো ও সতেরোই নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবার পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার অনেক জায়গাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, নদিয়া এবং পূর্ব বর্ধমানের কোনও কোনও জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- আঠারো নভেম্বর অর্থাৎ শনিবার পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি ও নদিয়ায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
আবহাওয়া দফতরের সতর্কবার্তা
- আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে ১৬ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার দু-একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।
- ১৭ নভেম্বর অর্থাৎ শুক্রবার উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার দু-একটি জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এদিন ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ও হাওড়ার দু-একটি জায়গায়।
- আবহাওয়া দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে, ১৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপকূলে ঝোড়ো হাওয়ার বেগ হতে পারে ঘন্টায় ৪০-৫০ কিমি। দমকা হাওয়ার বেগ হতে পারে ঘন্টায় ৭০ কিমি। বিকেল নাগাদ যা বেড়ে হতে পারে ঘন্টায় ৫০-৬০ কিমি এবং ঘন্টায় ৭০ কিমি। ১৮ নভেম্বর সকাল পর্যন্ত এমনটাই থাকবে। তারপর থেকে তা কমতে থাকবে।
- আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, ১৬ থেকে ১৮ নভেম্বর সময়ের মধ্যে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে সমুদ্র খুব উত্তাল থাকবে। পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া ও পূর্ব বর্ধমানে মাঠে থাকা ফসলের ক্ষতি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।












Click it and Unblock the Notifications