বাংলায় কবে থেকে এসআইআর শুনানি? কোন আপডেট দিল নির্বাচন কমিশন?
পশ্চিমবঙ্গে ভোটার তালিকার সংশোধনের (এসআইআর) শুনানির নোটিস বৃহস্পতিবার থেকে পাঠানো শুরু হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। নির্বাচন কমিশন সূত্রে খবর, শুক্রবার থেকেই এই প্রক্রিয়া শুরু হচ্ছে, এবং একদিনের মধ্যেই অনেকে নোটিস হাতে পাবেন বলে আশা করা হচ্ছে।
এই বিলম্বের কারণ হল, শুনানির জন্য প্রস্তুত নোটিস ইংরেজিতে লেখা। ভোটারের সুবিধার্তে আঞ্চলিক ভাষায় অনুবাদের কাজ সেরে ফেলা হয়েছে। কমিশন আশা করছে, শুক্রবারের মধ্যেই অনুবাদের প্রক্রিয়া সম্পূর্ণ হবে, এরপরই নোটিস বিতরণ শুরু হবে।

রাজ্যে গত ৪ নভেম্বর থেকে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। এর অংশ হিসেবে ১১ ডিসেম্বর পর্যন্ত চলেছে এনুমারেশন ফর্ম সংগ্রহ ও কমিশনের পোর্টালে তা আপলোড করার কাজ। এরপর ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়, যেখানে প্রায় ৫৮ লক্ষের বেশি ভোটারের নাম বাদ পড়েছে। কমিশন আগেই জানিয়েছিল, খসড়া প্রকাশের পরেই তথ্য যাচাইয়ের জন্য শুনানিতে ডাকা হবে।
প্রায় ৩০ লক্ষ 'নো ম্যাপিং' ভোটার খসড়া তালিকায় আছেন, যারা ২০০২ সালের তালিকার সঙ্গে সংযোগ দেখাতে পারেননি। কমিশন এদের সকলকে শুক্রবার থেকে শুনানির জন্য ডাকবে। লিঙ্গ, নাম বা বয়সের গরমিলের কারণে ১ লক্ষ ৩৬ হাজার সন্দেহজনক ভোটারও শুনানিতে ডাক পাবেন।
এদিকে, অনেক জায়গায় বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও) এখনও তাদের পারিশ্রমিক পাননি বলে অভিযোগ উঠেছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ডিইও-দের পাঁচ থেকে সাত দিনের মধ্যে এই বকেয়া মেটানোর নির্দেশ দিয়েছে।
খসড়া তালিকা প্রকাশের পর থেকে কমিশনের কাছে প্রায় ৭০ থেকে ৭৫টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে পাঁচ-সাতটির সত্যতা পাওয়া গিয়েছে। লিখিত অভিযোগগুলি কমিশন খতিয়ে দেখছে এবং সেগুলির ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানিয়েছে।
কমিশন অতিরিক্ত ২৮০০ জন সহকারী ইলেক্টোরাল রোল অফিসার (এইআরও) নিয়োগ চেয়েছিল। রাজ্যের তরফে অফিসার পাঠানো শুরু হয়েছে, এদের শুনানিতে কাজে লাগানো হবে। এর আগে ২৯৪টি আসনে ২৯৪ জন ইআরও এবং ৩০৫৯ জন এইআরও নিযুক্ত ছিলেন।
রাজ্যের সিইও দফতরে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) থেকে প্রায়শই অবৈধ ভোটার কার্ড বাতিলের সুপারিশ আসে। কমিশন সতর্ক: চূড়ান্ত তালিকা প্রকাশের পরও এমন সুপারিশ পেলে তা ইআরও-র গাফিলতি ধরা হবে। তখন অবৈধ ভোটার থাকলে সংশ্লিষ্ট ইআরও-কে শাস্তির মুখে পড়তে হবে।












Click it and Unblock the Notifications