গণনার আগে স্ট্রংরুম পাহারায় সতর্ক পদ্ম শিবিরও, মহিলা কর্মীদের অবস্থানে বসাচ্ছে বিজেপি
সোমবার বাংলার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। এর মধ্যেই ইভিএম রাখা স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে খবরের শেষ নেই। তৃণমূল কংগ্রেস স্ট্রংরুম নিয়ে একাধিক আশঙ্কা-অভিযোগ পেশ করেছে। নিজের দলের কর্মীদের স্ট্রংরুম সুরক্ষিত রাখা নিয়েও কড়া বার্তা দিয়েছে তৃণমূল কংগ্রেস। এবার সেই দলে যোগ দিল বিজেপিও।
স্ট্রংরুম নিয়ে বিশেষ সতর্ক বঙ্গ বিজেপি নেতৃত্বও। ইভিএমের সুরক্ষায় আগামী রবিবার থেকে দলের মহিলা কর্মীদের অবস্থানে বসতে বলা হয়েছে। সেই অবস্থান গণনা শুরু না হওয়া পর্যন্ত চলবে। যতক্ষণ না দলের এজেন্ট ও প্রার্থী দলবল নিয়ে এসে উপস্থিত না হচ্ছেন।

দুই ধাপে রাজ্যে বিধানসভা নির্বাচন মোটের ওপর শান্তিপূর্ণভাবে মিটেছে। কিন্তু তারপর থেকেই স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে শাসকদল তৃণমূল। কারচুপির আশঙ্কায় গত বৃহস্পতিবার কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুল ও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রংরুমের বাইরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়।
সাখাওয়াত মেমোরিয়ালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টানা ৪ ঘণ্টা পাহারায় ছিলেন। অন্যদিকে, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে ধরনায় বসেন কুণাল ঘোষ ও শশী পাঁজা। কারচুপির আশঙ্কায় মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, গণনা শেষ না হওয়া পর্যন্ত এজেন্টরা কেন্দ্র ছাড়বেন না; শনিবারের বৈঠকেও তৃণমূল সুপ্রিমো সেই কথাই দলের কর্মীদের বলেছেন। পাল্টা, বিজেপিও গণনা দিনে অশান্তি ও কারচুপির আশঙ্কা প্রকাশ করেছে। ফলে বিজেপিও মহিলা ব্রিগেডকে কাজে লাগাতে তৎপর হল।












Click it and Unblock the Notifications