West Bengal Panchayat Election 2023: ৮ জুলাই পঞ্চায়েত ভোট, কেন্দ্রীয় বাহিনী নিয়ে এখনই সিদ্ধান্ত নয়
West Bengal Panchayat Election 2023 Date: আগামী ৮ জুলাই শনিবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। আগামীকা্ল শুক্রবার থেকেই দেওয়া যাবে মনোনয়ন। এমনটাই জানালেন রাজীব সিনহা। বুধবারই রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব নেন রাজীব সিনহা।
কার্যত দায়িত্ব নেওয়ার ২৪ ঘন্টার মধ্যেই পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা করল কমিশন। আর এহেন ঘোষণার পর থেকেই আদর্শ আচরণ বিধি লাঘু হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন নয়া কমিশনার। তবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। বরং রাজ্য পুলিশের কাজেই ভরসা রাখার কথা বলেন রাজীব সিনহা।

বলে রাখা প্রয়োজন, আগামীমাসেই রাজ্যের একাধিক পঞ্চায়েতের মেয়াদ শেষ হচ্ছে। এই অবস্থায় একাধিক সঙ্কট তৈরি হতে পারে। এই অবস্থায় রাজ্যে কবে পঞ্চায়েত নির্বাচন হবে তা নিয়ে জোর জল্পনা তৈরি হয়। এই অবস্থায় রাজীব সিনহা বুধবার দায়িত্ব নেওয়ার পর থেকে দফায় দফায় আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন বলে জানা গিয়েছে।
এমনকি আজ বৃহস্পতিবার সকাল থেকেও বৈঠক হয় বলে জানা গিয়েছে। আর সেই বৈঠকেই আট জুলাই তারিখ নিয়ে আলোচনা হয়। সেই মর্মে রাজ্যের কাছেও তথ্য পাঠানো হয়। আর সেখান থেকে সবুজ সঙ্কেত মিলতেই পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করলেন রাজীব সিনহা।
তিনি জানিয়েছেন, ''দার্জিলিং এবং কালিম্পংয়ে দ্বিস্তর এবং বাকি রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট ৮ জুলাই হবে। এক দফাতেই এই নির্বাচন হবে। আগামীকাল শুক্রবার অর্থাৎ ৯ জুন থেকেই মনোনয়ন জমা দেওয়া যাবে। আর তা চলবে আগামী ১৫ জুন পর্যন্ত। ঘোষণা অনুযায়ী ১৭ তারিখ স্ক্রুটিনির শেষ দিন। তবে পঞ্চায়েত ভোটের প্রার্থীরা ২০ জুন পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করার সময় পাবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার।

তবে ফল কবে ঘোষণা করা হবে সে বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি রাজ্য নির্বাচন কমিশনারের তরফে। তবে জানা গিয়েছে, ১১ জুলাই ভোটের ফলাফল ঘোষণা হবে। আর এই ঘোষণার পরেই গ্রাম বাংলায় ভোটের দামামা বেজে গেল।
তবে ভোট নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি। সুকান্ত মজুমদার জানিয়েছেন, ভোটের জন্যে প্রস্তুত রয়েছে বিজেপি। তবে কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। কার্যত এক মত অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলির। প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছে কংগ্রেস।

তবে তৃণমূলের দাবি, বারবারই শান্তিপূর্ণ ভোটের কথা বলা হয়েছে তৃণমূলের তরফে। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে আশ্বাস দিয়েছেন। ফলে ভোট অবাধ এবং শান্তিপূর্ণ হবে বলেই মত শাসকদলের।












Click it and Unblock the Notifications