করোনা পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের কিভাবে পড়ানোর উদ্যোগ নিয়েছেন শিক্ষক দীপনারায়ণ নায়েক
করোনা পরিস্থিতিতে ঘরে বসে না থেকে নিজের উদ্যোগে পাড়ায় পাড়ায় গিয়ে স্কুলের পড়ুয়াদের একজোট করে পড়াচ্ছেন পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুড়িয়ার তিলকা মাঝি আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দীপনারায়ণ নায়েক।

শুধু এখানেই শেষ নয়, পোড়ানোর পাশাপাশি, নিজের উদ্যোগে মিড ডে মিলের পরিবর্তে, এইসব পড়ুয়াদের জন্য পাউরুটি, কলা, ডিম ও মিষ্টি সহ টিফিনেরও ব্যবস্থা করেছেন দীপনারায়নবাবু।
খোলামাঠে, পাড়ার ফাঁকা রাস্তায়, বাগান ও মন্দির এলাকায় সোমবার থেকে শুক্রবার সপ্তাহে ৫ দিন চলছে একবারে ক্লাসের মতো করে দীপনারায়ণবাবু পড়াচ্ছেন। বাংলা, ভূগোল, ইতিহাস ও অঙ্কের পাশাপাশি শরীর চর্চার ক্লাসও নিচ্ছেন দীপনারায়ণবাবু। জামুড়িয়ার বোগরার শিমুলিয়া পাড়ার পাশাপাশি কাঁঠাল পাড়া, মালতি পাড়া, বাউরি পাড়া, নীচু জবা পাড়া, ওপর জবা পাড়ায় গেলেই দেখা যাবে পড়ুয়াদের নিয়ে চলছে লক ডাউনের জন্য বিশেষ ক্লাস। আর্থিকভাবে পিছিয়ে পড়া এই পড়ুয়াদের প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী হিসাবে পেন, পেনসিল, খাতাপত্রও তুলে দিচ্ছেন এই শিক্ষক। তার এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসীরা।
এদিন তিনি জানান, করোনার আবহের মধ্যেও সমাজের বিভিন্ন স্তরের মানুষ যেমন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, এমনকি সাফাই কর্মীরাও ঘরে বসে নেই। সবাই নিজেকে করোনার সংক্রমণ থেকে সুরক্ষিত রেখে সমাজের প্রতি নিজের নিজের দায়িত্ব পালন করছেন। এই অবস্থায় একজন শিক্ষক হয়ে তো আমি ঘরে বসে থাকতে পারিনা। যখন সরকার আমাকে মাস গেলে সময়ে বেতন দিয়ে দিচ্ছে, সেখানে আমার কর্তব্য ও দায়িত্ব বলে তো কিছু রয়েছে। সেই কাজটাই আমি করছি।












Click it and Unblock the Notifications