Cyclone Dana: চারমন্ত্রীকে বিশেষ দায়িত্ব মুখ্যমন্ত্রীর, নবান্নের কন্ট্রোল রুমে থাকবেন মমতা নিজেই
Cyclone Dana: ওডিশার পাশাপাশি বিপর্যয়ের আশঙ্কায় প্রহর গুণছে বাংলা। আজ বৃহস্পতিবার মধ্যরাত এবং শুক্রবার ভোররাতে ঘুর্নিঝড় দানা আছড়ে পড়বে। ওডিশা এবং সাগর হয়ে এই ঝড় উপকূলে প্রবেশ করবে। ঘণ্টায় ১০০ থেকে ১২০কিমি বেগে আছড়ে পড়বে এই ঝড়, এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের।
ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে পরিস্থিতি (Cyclone Dana) আরও জটিল হবে বলে আশঙ্কা।

এই অবস্থায় যদিও প্রশাসনের তরফে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে রাজ্যের চারমন্ত্রীকে চারটি জেলার দায়িত্বে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরের দিঘায় যেমন রয়েছেন মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, পশ্চিম মেদিনীপুর জেলার তদারকিতে রয়েছেন সেচমন্ত্রী মানস ভুঁইয়া, সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরাকে সুন্দরবনে এবং বীরবাহা হাঁসদাকে ঝাড়গ্রামের পরিস্থিতি দেখার জন্য বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুর্গাপুজোর প্রথম মন্ত্রিসভার বৈঠক আছে। এই চার মন্ত্রীকে সেখানে আসতে বার করা হয়েছে। অন্যদিকে এই চার জেলা সহ রাজ্যের একাধিক জেলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। সেখান থেকেই গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। অন্যদিকে যা খবর, নবান্নেও একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখান থেকে গোটা জেলার পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। এমনকি বিভিন্ন জেলায় তৈরি হওয়া কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানা যাচ্ছে।
খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে থাকবেন বলে জানিয়েছেন। আর সেখান থেকেই প্রতি মুহূর্তে গোটা পরিস্থিতির উপর নজর রাখবেন বলেও জানিয়েছেন প্রশাসনিক প্রধান। এমনকি জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গেও তিনি যোগাযোগ রাখছেন। অন্যদিকে নবান্নের তরফে কলকাতা পুরসভা, কলকাতা পুলিশের সঙ্গেও যোগাযোগ রেখে চলা হচ্ছে বলেই খবর।
বলে রাখা প্রয়োজন, পূর্ব মেদিনীপুর জেলায় ২ লক্ষ মানুষকে ত্রাণ- শিবিরে সরিয়ে নিয়ে যাওয়ার পরিকাঠামো তৈরি করেছে জেলা প্রশাসন। যদিও এখনও পর্যন্ত ৫১ হাজার মানুষকে উপকূলীয় এলাকা থেকে স্থানান্তরিত করা হয়েছে।
গত বুধবার থেকে তিন কোম্পানি বাহিনী এনডিআরএফের টিম তাজপুর, শঙ্করপুর সহ বিস্তীর্ণ উপকূল এলাকায় মোতায়েন করা হয়েছে। রয়েছে SDRF এর টিমও। অন্যদিকে
সমুদ্র উপকূল বরাবর পাঁচটি ব্লকে ৬০ টি ত্রানশিবির প্রস্তুত রাখা হয়েছে। মূলত প্রাথমিক স্কুল এবং হাইস্কুলে এই ত্রান শিবিরগুলি করা হয়েছে। অন্যদিকে সাগর সহ একাধিকএলাকা থেকেও মানুষকেও সরানো হয়েছে বলে খবর।












Click it and Unblock the Notifications