অমিত শাহের ডেরায় 'বিক্ষুব্ধরা'! বিজেপিতে যোগ দেওয়ার আগেই ঘরের ছেলে হয়ে উঠলেন রাজীব
শেষ পর্যন্ত যাবতীয় জল্পনার ইতি ঘটল৷ বিজেপিতে যোগ দেওয়ার জন্য বিশেষ চার্টার্ড বিমানে দিল্লি গিয়েছিলেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়৷ আর গিয়েই সটান অমিত শাহের বাসভবনে পৌঁছান রাজীব এবং বাকি বিক্ষুব্ধ নেতারা। রাজীবের সঙ্গে অমিত শাহের বাড়িতে বৈঠকে যোগ দেন বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল, রথীন চক্রবর্তী, পার্থসারথি চট্টোপাধ্যায় ও অভিনেতা রুদ্রনীল ঘোষ৷

দিল্লি যাওযার আগে কী বলেন রাজীব বন্দ্যোপাধ্যায়
দিল্লি যাওযার আগে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, 'অমিত শাহের সঙ্গে বৈঠক আছে৷ আমার কথা জানাব৷ যদি সহমত হই তাহলে আজই বিজেপিতে যোগ দেব৷' অন্যদিকে বৈশালী ডালমিয়া বলেন, 'মানুষের কাজ করার জন্য বিজেপিতে যোগ দিচ্ছি৷ আমার অসম্পূর্ণ কাজ শেষ করতে চাই৷'

মুকুল ও কৈলাসের সঙ্গে দিল্লি পৌঁছালেন তৃণমূলের চার নেতা
এদিন সন্ধ্যা নাগাদ মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে দিল্লি পৌঁছালেন তৃণমূলের চার নেতা। বিজেপিতে যোগ দিতে চলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল ও রথীন চক্রবর্তী। তবে জেপি নাড্ডা তামিলনাড়ুতে থাকায় বিজেপিতে যোগদানের পর্বটা কিছুটা অনিশ্চিত হয়ে পড়ে। তবে অমিত শাহের বাড়িতে সেই ফোটো মোমেন্টটা যাবতীয় জল্পনা মিটিয়ে দেয়৷

ডুমুরজলায় কী হবে?
আজ রাতে তাঁরা দিল্লিতেই থাকবেন নাকি ফিরে আসবেন তা পুরোপুরি স্পষ্ট নয়৷ তবে আগামীকাল, রবিবার সকালে তাঁরা সরাসরি চলে যাবেন হাওড়ার ডুমুরজলায়৷ সেখানে তাঁর বিজেপির যোগদান মেলায় অংশগ্রহণ করবেন৷ ওই সভায় অমিত শাহের থাকার কথা ছিল৷ কিন্তু দিল্লিতে ইজরায়েলের দূতাবাসের সামনে বিস্ফোরণের জেরে সফর বাতিল হয়ে যায় অমিত শাহের৷ তাঁর বদলে কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানি ওই যোগদান মেলায় উপস্থিত থাকবেন৷

ডুমুরজলার সভায় আসছেন স্মৃতি ইরানি
এদিকে আগামীকাল ডুমুরজলার সভায় আসছেন স্মৃতি ইরানি। জেপি নাড্ডা ও রাজনাথ সিং আসবেন বলে প্রাথমিকভাবে শোনা গেলেও, শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, তাঁরা কেউ আসতে পারছেন না। তাঁদের বদলে আসছেন স্মৃতি ইরানি। রাজনৈতিক মহলে কানাঘুষো শোনা যাচ্ছিল, ডুমুরজলার সভা থেকেই অমিত শাহর হাত ধরে পদ্মশিবিরে যোগ দিতে পারেন রাজীব বন্দ্যোপাধ্যায়। কিন্তু অমিত শাহর সফর সূচি বাতিল হওয়াও আপাতত সেই জল্পনায় ইতি পড়েছে। এই পরিস্থিতিতে আজই দিল্লির উদ্দেশে উড়ে গেলেন রাজীব বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications