চক্রান্ত না দুর্ঘটনার কবলে পড়েন মমতা? জবাব খুঁজতে নন্দীগ্রামে 'গ্রাউন্ড জিরো'-তে প্রশাসন
চলন্ত গাড়িতে পা ঝুলিয়ে ছিলেন তিনি? খোলা ছিল দরজা? হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। নাকি কাছেই লোহার পিলারে ধাক্কা লেগেছিল পরিদর্শনের সময়? সত্যি ঘটনা কী। মমতা বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হওয়ার পরই শুরু হয়েছে তদন্ত। এদিন সকালেই ঘটনাস্থলে পৌঁছে যান রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা। ঘটনাস্থলে যান পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার প্রবীণ প্রকাশ, জেলাশাসক বিভু গোয়েল ও ডিআইজি মেদিনীপুর রেঞ্জ কুণাল আগরওয়াল।

সিসিটিভিতেই হয়তো ধরা রয়েছে সব ঘটনা
ঘটনাস্থলের কাছেই লাগানো রয়েছে একটি সিসিটিভিতেই হয়তো ধরা রয়েছে সব ঘটনা। এদিকে স্থানীয়দের সঙ্গে কথা বলছেন প্রশাসনিক কর্তারা। বিভিন্ন সূত্র থেকে ভিডিও সংগ্রহ করার চেষ্টাও চালাচ্ছেন তাঁরা। দোকানমালিক ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন তাঁরা। সঙ্গে সংগ্রহ করেন মোবাইল ফোন ও সিসিটিভির ফুটেজ।

এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলছে মমতার
এদিকে এখনও কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের তরফে অভিযোগ, চক্রান্ত করেই আক্রমণ করা হয়েছে নেত্রীকে৷ দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এই বিষয়ে বলেন, 'আবার সেই পুরানো খেলা শুরু হয়েছে৷ কাপুরুষরা চিরকাল মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবে আক্রমণ করে স্তব্ধ করে দিতে চেয়েছিল৷ কিন্তু তাঁকে কেউ থামাতে পারেনি৷' এই নিয়ে আজ নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে যাবে তৃণমূল৷

কী ঘটেছিল নন্দীগ্রামে?
উল্লেখ্য, বুধবার দুপুরে নন্দীগ্রাম থেকে বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য হলদিয়ায় মহকুমা শাসকের অফিসে মনোনয়ন জমা দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিকেলে নন্দীগ্রামে নির্বাচনী প্রচারে যান৷ প্রচার চলাকালীন চোট লাগে তাঁর৷ তৃণমূল নেত্রীর অভিযোগ, চক্রান্ত করে তাঁকে জখম করা হয়েছে ৷ যদিও প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, নেত্রীকে কেউ ধাক্কা দেয়নি৷ বিরোধীরা বলছেন, নাটক করেছেন তৃণমূল নেত্রী৷ তবে ঠিক কীভাবে চোট পেলেন মমতা বন্দ্যোপাধ্যায় তা এখনও নিশ্চিত করা বলা যাচ্ছে না৷

নির্বাচন কমিশনে যাবে তৃণমূল
তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আজ নির্বাচন কমিশনে যাবেন তাঁরা৷ ঘটনা প্রসঙ্গে নিজেদের বক্তব্য জানাবেন৷ তবে তাঁর সাফ কথা, ঘটনায় নিজেদের ব্যর্থতার দায় এড়াতে পারে না কমিশন৷ নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি৷ বলেন, 'প্রথমে এডিজি আইন-শৃঙ্খলাকে সরানো হল৷ তারপর ডিজিপিকে সরানো হল৷ তারপরের ঘটনাই হল নন্দীগ্রামের প্রার্থীর উপর হামলা৷ রাজ্যের পুলিশ প্রশাসনের ক্ষমতা খর্ব করে নিজেদের শাসন কায়েম করতে চাইছে কেন্দ্র৷'

'মানুষ চিরকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সহানুভূতিশীল'
গেরুয়া শিবিরের তরফে বলা হচ্ছে, মানুষের সহানুভূতি পেতেই নাটক করছেন তৃণমূল নেত্রী৷ যার পাল্টা পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'মানুষ চিরকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সহানুভূতিশীল৷ তাই আলাদা করে সহানুভূতি পাওয়ার চেষ্টা করার প্রয়োজন নেই তাঁর৷' তাঁর সরাসরি অভিযোগ, 'বিজেপি গন্ডোগোল পাকিয়ে শিরোনামে আসার চেষ্টা করছে৷ তবে এসব করে মমতা বন্দ্যোপাধ্যায়কে রোখা যাবে না৷' তৃণমূল নেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে তিনি বলেন, 'যত বাধাই আসুক বা হামলা করুক, মমতার দৃঢ় নেতৃত্ব, সংগ্রাম কেউ আটকাতে পারবে না৷'












Click it and Unblock the Notifications