একদা মমতার বিশ্বস্ত সঙ্গী ছিলেন, তৃণমূলের টিকিট না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন সোনালী গুহ
একটা সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুবই কাছের মানুষ হিসেবে পরিচিত ছিলেন সাতগাছিয়ার বিদায়ী বিধায়ক সোনালী গুহ। সেই সোনালী গুহকেই এবার প্রার্থী না করার সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সাতগাছিয়ায় টিকিট না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন তৃণমূল বিধায়ক সোনালী গুহ। এদিন সোনালী গুহ বলেন, 'আমি তো দিদি ছাড়া কিছুই বুঝি না।'

দিদি যেন এবারও মুখ্যমন্ত্রী হতে পারেন
এদিন তিনি বলেন, দীর্ঘদিন একসঙ্গে থাকার এই দাম দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস। ভালোই সম্মান পেলাম। আমি মমতাদির বাড়ির লোক ছিলাম। মমতাদি এটা করতে পারেন, বিশ্বাস করতে পারছি না। এরপর কান্নায় ভেঙে পড়েন সোনালী গুহ। তবে কাঁদতে কাঁদতে ছিল মমতার জন্য বার্তা। বললেন, দিদি যেন এবারও মুখ্যমন্ত্রী হতে পারেন।

কেঁদে ফেললেন আরাবুল ইসলাম
এদিকে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় বিধানসভা আসনে তৃণমূল এবার প্রার্থী করেছে ডাক্তার রেজাউল করিমকে৷ কালীঘাটে শুক্রবার নিজেই ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর সেই খবর জানার পর কার্যত কেঁদে ফেললেন আরাবুল ইসলাম৷ এদিন তাঁর বাড়িতে হাজির হন সমর্থকরা৷ সমর্থকদের সামনেই এই নিয়ে দলের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি৷

রাজ্য রাজনীতির অন্যতম বিতর্কিত চরিত্র আরাবুল
প্রসঙ্গত, আরাবুল ইসলাম রাজ্য রাজনীতির অন্যতম বিতর্কিত চরিত্র৷ বিভিন্ন সময় তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠে৷ তিনি ভাঙড়ের বিধায়কও ছিলেন ৷ গত পঞ্চায়েত নির্বাচনে দলের হয়ে লড়াইও করেন৷ আবার তাঁকে এক সময় দল বহিষ্কারও করেছিল কয়েক বছরের জন্য৷

ভাঙড়ে ক্ষুব্ধ আরাবুলের অনুগামীরা
যদিও গতবার ওই আসন থেকে জিতেছিলেন সিপিএম থেকে তৃণমূলে আসা রেজ্জাক মোল্লা৷ তাঁকে এবার প্রার্থী করেনি দল৷ আবার আরাবুলকেও টিকিট দেওয়া হয়নি৷ ফলে ভাঙড়ে ক্ষুব্ধ আরাবুলের অনুগামীরা৷ তাঁরা এদিন আরাবুলের বাড়ির সামনে চলে যান৷ সেখানেই অনুগামীদের সঙ্গে নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন৷ তিনি জানান, শুরু থেকেই তিনি লড়াই করছেন দলের হয়ে৷ মানুষ যেভাবে চাইবেন, তিনি সেইভাবে চলবেন৷












Click it and Unblock the Notifications