শুভেন্দুর চ্যালেঞ্জের মুখে 'নির্বাচনী হিন্দু' হলেন মমতা! নন্দীগ্রাম নিয়ে সুর চড়াচ্ছে বিজেপি
মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের সময় হিন্দু৷ তৃণমূল নেত্রীকে এই ভাষাতেই আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং৷ ভোটের প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সংস্কৃত মন্ত্রোচ্চারণ ও চণ্ডীপাঠকে কটাক্ষ করে এ কথা বলেন তিনি৷ এর আগে, নন্দীগ্রামে মমতার প্রতিপক্ষ বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীও তৃণমূল নেত্রীর বিরুদ্ধে একই তোপ দেগেছিলেন৷

'মন্দিরে যাবেন নাকি মন্দিরে?'
নন্দীগ্রামে নেমেই একের পর এক স্তোত্র পাঠ করে বিজেপি হিন্দুত্বের তাসকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মমতার সেই 'হিন্দুত্ববাদী প্রচার'-কে কটাক্ষ করলেন বিজেপি নেতা গিরিরাজ সিং। এদিন গিরিরাজ দাবি করেন নির্বাচনের চাপেই মমতার মুখ দিয়ে সংস্কৃত স্তোত্র বেরিয়েছে। এদিন গিরিরাজ সিং মমতাকে কটাক্ষ করে বলেন, 'বাহ্ রে, আজ দিদি চণ্ডীপাঠ করছেন। বাহ্ রে মোদী, আজ নির্বাচন আপনাকে দিয়ে কী না কী করাল।' এদিন গিরিরাজ মমতাকে কটাক্ষ করে আরও বলেন, 'তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) এখনও জানেন না যে মসজিদে যাবেন নাকি মন্দিরে।'

নজরে নন্দীগ্রাম
এবারের বিধানসভা নির্বাচনী যুদ্ধে সবচেয়ে বেশি যেখানে নজর থাকবে, তা নিঃসন্দেহে নন্দীগ্রাম৷ বাংলার রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে নন্দীগ্রাম। দীর্ঘ বাম শাসনের অবসান ঘটিয়ে সরকার পরিবর্তনের অন্যতম 'কারণ' ছিল নন্দীগ্রাম। সেই নন্দীগ্রামই আজ এক অভাবনীয় যুদ্ধের সাক্ষী৷ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সৈনিক হয়ে গত ১০ বছরেরও বেশি সময় ধরে নন্দীগ্রামের প্রতিনিধিত্ব করেছেন শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দুই এবার চ্যালেঞ্জ জানিয়েছেন তাঁর একসময়ের নেত্রীকে৷

চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মমতা
পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মমতাও৷ তাঁর ভবানীপুর কেন্দ্র ছেড়ে নন্দীগ্রামে লড়ার সিদ্ধান্ত নিয়ে তাঁর আত্মবিশ্বাস তুলে ধরেছেন তৃণমূল নেত্রী৷ আগেই জানিয়েছিলেন এ বার নন্দীগ্রামের প্রার্থী হিসেবে লড়বেন৷ কথা রেখছেন৷ প্রার্থী তালিকা প্রকাশের দিন আবারও তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, এ বার তিনি শুধুমাত্র নন্দীগ্রামের প্রার্থী হিসেবেই লড়বেন৷

'আমি একজন হিন্দু মহিলা'
প্রার্থী তালিকা প্রকাশের পর গতকালই প্রথম নন্দীগ্রামে গিয়েছেন মমতা৷ সেখানে পৌঁছেই নিজেকে 'বড় হিন্দু' প্রমাণ করতে জনসভায় চণ্ডিপাঠ করেন মমতা। পুজো দেন একাধিক মন্দিরে। আর মমতার এই হিন্দুত্ববাদী প্রচারের কটাক্ষতে নেমেছে বিজেপি। সেখানে থেকে প্রচারের জন্য একটি বাড়িও ভাড়া নিয়েছেন তিনি৷ উল্লেখ্য, রাজ্যে বারবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ করেছে বিজেপি৷ তবে নন্দীগ্রামে প্রচারে গিয়ে সেই দাবি খণ্ডন করে মমতা বলেন, 'আমি একজন হিন্দু মহিলা৷ আমার সঙ্গে হিন্দু তাস খেলবেন না৷ কীভাবে একজন ভালো হিন্দু হওয়া যায়, তা জানেন?'

মমতাকে পাল্টা তোপ শুভেন্দুর
তবে মমতার এই মন্তব্যের পরই তাঁকে পালটা আক্রমণের পথে গিয়েছেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী৷ তিনি বলেন, ভুল মন্ত্রপাঠ করেছেন তৃণমূল নেত্রী৷ তাঁর নন্দীগ্রামের সভার একটি ভিডিয়ো টুইট করে শুভেন্দু লেখেন, 'আগে একবার ঈশ্বর রামকে অপমান করেছিলেন মুখ্যমন্ত্রী৷ এরপর তিনি সরস্বতী পুজোর মন্ত্র ভুল পাঠ করেছিলেন৷ আবারও তিনি জনসভায় ভুল মন্ত্রপাঠ করলেন৷'

মমতাকে কটাক্ষ অর্জুন সিংয়ের
এদিকে, মমতার মন্ত্রপাঠকে কটাক্ষ করে বিজেপি নেতা অর্জুন সিং বলেছেন, 'হিন্দুত্ব কী, সেটা মমতাকে শিখিয়েছে বিজেপি৷ আর তার জেরেই তিনি আবার পুরনো ট্র্যাকে ফিরছেন৷ কাল তিনি রামায়ণ পড়বেন, তার পর দিন পড়বেন হনুমান চল্লিশা৷ তিনি তাঁর ধর্ম বদলে ফেলেছিলেন, আমরা অন্তত তাঁকে নিজের ট্র্যাকে ফেরাতে পেরেছি৷'












Click it and Unblock the Notifications