রিমোট কন্ট্রোলের মাধ্যমেই বিস্ফোরণ? নিমতিতা স্টেশনে তদন্ত শুরু ফরেন্সিক দলের
নিমতিতা স্টেশনে মন্ত্রী জাকির হোসেনের উপর বোমাবাজির তদন্ত শুরু করল ফরেন্সিক দল। এদিন পাঁচ সদস্যের ফরেন্সিক টিম সকাল দশটা নাগাদ স্টেশনে এসে পোঁছয়। প্লাটফর্ম ও রেল লাইন থেকে নমূনা সংগ্রহ করেন তদন্তকারী দলের অফিসাররা। এদিকে নিমতিতা স্টেশনে বিস্ফোরণে জখম মন্ত্রী জাকির হোসেনের অবস্থা স্থিতিশীল রয়েছে। জখম আরও ১৪ জনের চিকিত্সা চলছে এসএসকেএম হাসপাতালে। তাঁদের মধ্য়ে ৩ জনের অবস্থা সংকটজনক।

জাকির হোসেন সহ ২৭ জন জখম হন
বুধবার রাতে নিমতিতা স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন যাওয়ার সময় বিস্ফোরণ হয়৷ জাকির হোসেন সহ ২৭ জন জখম হন। তখনই অনুমান করা হয়েছিল রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে প্রাথমিক তদন্তে টাইমার ডিভাইস থেকেও বিস্ফোরণ ঘটানো হতে পারে বলেও অনুমান করছেন তদন্তকারী অফিসাররা৷

সিআইডির একটি প্রতিনিধি দল একদফা তদন্ত করে গিয়েছে
গতকাল সিআইডির একটি প্রতিনিধি দল একদফা তদন্ত করে গিয়েছে। আজ সেন্ট্রাল ফরেন্সিক টিম তদন্ত শুরু করে। কী বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল? তার পরিমাণ কত ছিল? রিমোর্ট কন্ট্রোলের মাধ্যমে না টাইমার ডিভাইস দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছিল তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। বিস্ফোরণ স্থল এখনও ঘিরে রাখা হয়েছে। রক্তের দাগ এখনও স্পষ্ট।

জাকির হোসেনের চিকিৎসা চলছে এসএসকেএম হাসপাতালে
এদিকে বোমা বিস্ফোরণে জখম মন্ত্রী জাকির হোসেনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে তাঁর চিকিৎসা চলছে এসএসকেএম হাসপাতালে। মন্ত্রীর পাশাপাশি ওই বিস্ফোরণে জখম আরও ১৪ জনেরও সেখানে চিকিৎসা চলছে। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, আহতদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা সংকটজনক।

মন্ত্রীর পায়ের হাড় ভেঙে তিন টুকরো হয়ে গিয়েছে
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণে জখম মন্ত্রীকে যখন গতকাল ভোরে এই হাসপাতালে নিয়ে আসা হয়, তখন দেখা যায়, মন্ত্রীর ডান হাতের অনামিকার মাথা উড়ে গিয়েছে, তাঁর বাঁ পা ঝলসে গিয়েছে, পায়ের বুড়ো আঙুল অর্ধেক কেটে গিয়ে ঝুলছে। রক্তে ভেসে যাওয়া পায়ের বিভিন্ন স্থানে রয়েছে স্প্লিন্টার। চিকিৎসকরা দেখেন, মন্ত্রীর ব্লাড প্রেসার নেমে গিয়েছে, তাঁর পায়ের গোড়ালি ভেঙে গিয়েছে, পায়ের হাড় ভেঙে তিন টুকরো হয়ে গিয়েছে। বাকি ১৪ জনের মধ্যে কারও মাথায় আঘাত লেগেছে, কারও মুখ ঝলসে গিয়েছে। মন্ত্রী-সহ বাকি জখমদের চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আজ, শুক্রবার মেডিকেল বোর্ডের বৈঠকের পরে জখম সবার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।












Click it and Unblock the Notifications