নন্দীগ্রামে কী করে চোট পেলেন মমতা? নবান্নের রিপোর্টে অসন্তুষ্ট নির্বাচন কমিশন!
নির্বাচন কমিশনকে জমা দেওয়া মুখ্যসচিবের রিপোর্টে অস্পষ্ট মমতার চোট পাওয়ার কারণ। তাই ফের রিপোর্ট তলব করে পাঠাল কমিশন। নবান্নের পাঠানো রিপোর্টে বলা, বাইরে প্রচণ্ড ভিড় ছিল। কিন্তু, রিপোর্টে স্পষ্ট লেখা নেই যে দরজা কী কারণে বন্ধ হল? বা দরজায় কেউ ধাক্কা দেওয়ার ফলে বন্ধ হয়েছিল কিনা? এদিকে নবান্নের রিপোর্টে সন্তুষ্ট নয় কমাশন।

দরজা বন্ধ হয়ে যাওয়ার কারণ ঠিক কী?
এখন মুখ্যসচিবের পাঠানো রিপোর্ট পেয়েই আরও দুটো বিষয় তাঁর কাছে জানতে চাইল নির্বাচন কমিশন। গাড়ির দরজায় কীভাবে ধাক্কা লাগল তা স্পষ্টভাবে জানতে চেয়ে ফের রিপোর্ট তলব করেছে কমিশন। দ্বিতীয় প্রশ্ন, দরজা বন্ধ হয়ে যাওয়ার কারণ ঠিক কী? আজ সন্ধ্যার মধ্যেই এর রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

'অজ্ঞাতপরিচয় চার-পাঁচ জনের বিষয় কিছু জানানো হয়নি'
এর আগে শুক্রবার নির্বাচন কমিশনের নির্দেশে বুধবারের ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়া হয় নবান্নের তরফে। মুখ্য নির্বাচন কমিশনারের কাছে রিপোর্ট জমা করেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে জানা গিয়েছে, নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনায় ভিড়ের কথা উল্লেখ করা হলেও অজ্ঞাতপরিচয় চার-পাঁচ জনের বিষয় কিছু জানানো হয়নি।

'মুখ্যমন্ত্রীর উপর হামলার চক্রান্ত করা হয়েছিল'
নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার পর থেকেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূলের তরফে বলা হয়েছে, ওইদিন রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর হামলার চক্রান্ত করা হয়েছিল। অজ্ঞাতপরিচয় চার-পাঁচজনের ধাক্কাধাক্কির কারণেই ওই দুর্ঘটনা ঘটে। সবটাই ছিল পূর্ব পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত।

'মুখ্যমন্ত্রীর নাটক'
যদিও বিরোধীরা গোটা বিষয়টিকে মুখ্যমন্ত্রীর নাটক বলে কটাক্ষ করেছে। প্রত্যক্ষদর্শীদের মধ্যে কেউ কেউ আবার বলেছেন, মুখ্যমন্ত্রীর গাড়ি দু-টি পোস্টে ধাক্কা খাওয়াতেই ওই ঘটনা ঘটেছে। এসবের মাঝে নবান্নের কাছে দুর্ঘটনার কারণ জানতে চায় নির্বাচন কমিশন।












Click it and Unblock the Notifications