কোচবিহারে তৃণমূলের পথসভায় বোমাবাজি! প্রতিবাদে পথ অবরোধ ঘাসফুল শিবিরের
তৃণমূলের পথসভা চলাকালীন বোমাবাজির অভিযোগ৷ অভিযুক্ত বিজেপি। শুক্রবার রাতে কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের বাড়ির কাছে দিনহাটার ভেটাগুড়িতে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বোমাবাজির প্রতিবাদে পথ অবরোধ শুরু করে তৃণমূলের নেতা-কর্মীরা। তৃণমূলের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ।

বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে দিনহাটা ভেটাগুড়ি। ক্ষমতা দখলকে কেন্দ্র করে প্রতিনিয়ত চলছে সংঘর্ষ। শুক্রবার রাতে দিনহাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উদয়ন গুহর সমর্থনে ভেটাগুড়ি চৌপথি এলাকায় পথসভা চলছিল।
হঠাৎ সভা থেকে ঢিল ছোড়া দূরত্বে ভেটাগুড়ি স্কুলের সামনে বোমাবাজি শুরু হয় বলে অভিযোগ। হুড়োহুড়ি পড়ে যায় এলাকায়। এরপর তৃণমূল কর্মীরা রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে । ভেটাগুড়ি বাজারের সামনে অবরোধ হওয়ায় দিনহাটা-কোচবিহার রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
তৃণমূল নেতা জয়দীপ ঘোষের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির কোচবিহার জেলা সম্পাদক সুদেব কর্মকার বলেন, অভিযোগ ভিত্তিহীন৷












Click it and Unblock the Notifications