প্রশান্ত কিশোর ইস্যুতে মমতাকে নিশানা রাজীবের, ২১-এর নির্বাচনের মুখে ছুঁড়লেন তির
প্রশান্ত কিশোর ইস্যুতে মমতাকে নিশানা রাজীবের, ২১-এর নির্বাচনের মুখে ছুঁড়লেন তির
তৃণমূলের (trinamool congress) ভোট স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর (prashant kishor) আর তার দলের পিছনে তৃণমূল কোটি কোটি টাকা খরচ নিয়ে কটাক্ষ করলেন বিজেপি (bjp) নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় (rajib banerjee) । এদিন তিনি হাওড়ার জগৎবল্লভপুরের সভা থেকে এব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়কে (mamata banerjee) নিশানা করেন।

পিকেকে নিয়ে মমতাকে কটাক্ষ
এদিন রাজীব বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করেন বলেন, কোটি কোটি টাকা দিয়ে আপনি ভোট স্ট্র্যটেজিস্টকে এনেছেন। সেই টাকা আপনি বাংলার মানুষদের দিয়ে দিতে পারতেন। তাহলে বাংলার মানুষ বুঝতো আপনি বাংলার মানুষের জন্য কাজ করেছেন। রাজীব বলেন, আপনি (মমতা) স্ট্র্যাটেজিস্ট নিয়ে এসেছেন জেতার জন্য। অর্থাৎ আপনার লক্ষ্য হল যেনতেন প্রকারেণ সরকারে থাকা। আপনার লক্ষ্য হল যেনতেন প্রকারেণ চেয়ারে থাকা। আপনার লক্ষ্য মানুষের উন্নয়ন নয়, আপনার লক্ষ্য মানুষের কাজ নয়। যদি মানুষের উন্নয়ন করার হতো তাহলে দুহাতে ভরে এই টাকা আপনি ২৯৪ টি কেন্দ্রে ভাগ করে দলের মাধ্যমে খরচ করতেন।

তৃণমূলকে কটাক্ষ
এব্যাপারে রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে কটাক্ষ করেন। তিনি বলেন, তৃণমূল দাবি করছে বিজেপি বড়লোকদের পার্টি আর তৃণমূল গরিবদের পার্টি। তিনি প্রশ্ন করেন, এত টাকা কোন পার্টিতে আছে? তিনি বলেন, বিজেপিকে তো স্ট্র্যাটেজিস্ট লাগাতে হয়নি। তিনি বিজেপির তৈরি মঞ্চের সঙ্গে তৃণমূলের তৈরি মঞ্চের তুলনা করেন। তৃণমূল যে নিজেদের গরিবের পার্টি বলে দাবি করে, তারও কটাক্ষ করেন রাজীব। তিনি বলেন মানুষকে এব্যাপারে ভাবতে হবে। রাজীব বলেন, তৃণমূল রাজনৈতিক কচকচানি করাতেই তিনি উত্তর দিচ্ছেন।

সোনার বাংলা গড়াই লক্ষ্য
এদিন জগৎবল্লভপুরের সভায় তৃণমূল থেকে বেশ কয়েকজন বিজেপিতে যোগ দেন। রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, তাঁদের লক্ষ্য হল ভবিষ্যতে কীভাবে সোনার বাংলা তৈরি করা হবে, তাকেই লক্ষ্য করছেন তাঁরা। তিনি বলেন, বেকার যুবকদের হাতে চাকরি দেওয়া লক্ষ্য, মা-বোনেদের নিরাপত্তা দেওয়াই লক্ষ্য, শ্রমিক-কৃষকদের আয় বাড়ানোও তাঁদের লক্ষ্য। তিনি প্রশ্ন করেন, কটা মানুষ চায় রাজনৈতিক নোংরা খেলা, কটা মানুষ চায় রাজনৈতিক সমালোচনা। কেননা মানুষ দিনের শেষে চায় অন্ন-বস্ত্র-বাসস্থান এলো কি এলো না। তিনি বলেন, মানুষ চায় মাথা উঁচু করে বাঁচতে।

এর আগেও মমতাকে কটাক্ষ
এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে গিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বটগাছ নড়ে গিয়েছে, তৃণমূল নেত্রী বুঝে গিয়েছেন, আসন টলমল। বুঝতে পেরে গিয়েছে তিনি আর থাকতে পারবেন না, তাই ভোটের আগে ভোট-অন-অ্যাকাউন্টের মাধ্যমে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন।












Click it and Unblock the Notifications