পার্টি মে জোশ আ গায়া! কৈলাশ, মুকুল, দিলীপের সামনেই শুভেন্দুর গুরুত্ব বুঝিয়ে দিলেন অমিত শাহ
পার্টি মে জোশ আ গায়া! কৈলাশ, মুকুল, দিলীপের সামনেই শুভেন্দুর গুরুত্ব বুঝিয়ে দিলেন অমিত শাহ
শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) গুরুত্ব তাঁর কাছে কতটা তা আরও একবার বুঝিয়ে দিলেন অমিত শাহ (amit shah)। বৃহস্পতিবার তিনি একাধিক কর্মসূচিতে উপস্থিত শুভেন্দু অধিকারীর নাম একাধিকবার উল্লেখ করেন। তাঁকে আলাদা করে হেলিকপ্টারেও ডেকে নেন।

ঠাকুরনগরে গুরুত্ব শুভেন্দু অধিকারীকে
বৃহস্পতিবার কোচবিহারের কর্মসূচি সেরে হেলিকপ্টারে ঠাকুরনগরে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে মঞ্চ থেকে করোনা টিকাকরণের পরে সিএএ লাগুর প্রতিশ্রুতি দেন তিনি। মঞ্চ থেকেই তিনি শুভেন্দু অধিকারীর প্রশংসা করেন। বলেন জিনকো আনে সে পার্টি মে জোশ আ গায়া...। এরপর সভা শেষ হলে, শুভেন্দু অধিকারীকে নিজের গাড়িতে তুলে নেন অমিত শাহ। এখানেই শেষ নয়, তাঁকে পাশে নিয়ে হেলিকপ্টারে কলকাতায় আসেন তিনি। যদিও কৈলাশ বিজয়বর্গীয়, মুকুল রায়ের মতো নেতারা সড়কপথেই কলকাতায় এসে সায়েন্সসিটির অনুষ্ঠানে যোগ দেন।

সায়েন্সসিটির অনুষ্ঠানেও শুভেন্দু অধিকারীর প্রশংসা
সায়েন্স সিটির অনুষ্ঠানেও শুভেন্দু অধিকারীর প্রশংসা করেন অমিত শাহ। মঞ্চে উপস্থিত থাকা কৈলাশ বিজয়বর্গীয়, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, শিবপ্রকাশ, সহ পর্যবেক্ষক অমিত মালব্যের নাম করে প্রশংসা করেন অমিত শাহ। সঙ্গে সঙ্গে হাতেতালিও পড়ছিল। কিন্তু এরপরেই অমিত শাহ নেন ভাই শুভেন্দুজির নাম। হিন্দিতে বলেন, যিনি বিজেপিতে যোগ দেওয়ার পরে রাজ্যে বিজেপির জয় নিশ্চিত করার কর্মসূচি আরও মজবুত হয়েছে। সঙ্গে সঙ্গে হাতেতালিতে ফেটে পড়ে সায়েন্স সিটির অডিটোরিয়াম। যা আগেকার অন্য নেতাদের নাম উল্লেখ করার সময় হয়নি। সেই জায়গাতেই অমিত শাহের গুরুত্ব দেওয়ার পাশাপাশি শুভেন্দু অধিকারীকেও নিয়ে বিজেপির মধ্যেও উচ্চাশা রয়েছে তা পরিষ্কার হয়ে যায়। প্রসঙ্গত সায়েন্সসিটির অডিটোরিয়ামের অনুষ্ঠানটি ছিল বিজেপির সোশ্যাল মিডিয়ার স্বেচ্ছাসেবকদের জন্য। যাঁদের সবাই কমবয়সী।

কৌশলী শুভেন্দুও
তবে রাজনীতির একেবারে নিচু তলা থেকে উঠে আসা শুভেন্দু অধিকারীও কৌশলী। তিনি রাজ্য নেতৃত্বের সবার সঙ্গেই ভাল সম্পর্ক রেখে চলছেন। অবিভক্ত মেদিনীপুরের সভা করলেই তিনি বলেন, লালমাটির দিলীপ ঘোষ আর বালুমাটির শুভেন্দু অধিকারীই তিন জেলা থেকে তৃণমূলকে সরাতে উল্লেখযোগ্য ভূমিকা নেবেন। তৃণমূলকে হারাতে কোনও পদের দরকার নেই বলেও উল্লেখ করেছিলেন তিনি।

আগেও শুভেন্দুকে গুরুত্ব
২০২০-র ১৯-এ ডিসেম্বর শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেন। আর বছরের শুরুতেই তাঁকে জুট কর্পোরেশনের চেয়ারম্যানের পদে বসায় কেন্দ্র। বৃহস্পতিবার সন্ধের অপর একটি অনুষ্ঠানেও শুভেন্দু অধিকারীকে নিয়ে প্রশ্ন ওঠে। মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়েও প্রশ্ন করা হয় অমিত শাহকে। তবে অমিত শাহ ফের একবার জানান, বাংলার ভূমিপুত্রকেই মুখ্যমন্ত্রী করা হবে।












Click it and Unblock the Notifications