একদিনে লাফিয়ে বাড়ল রাজ্যে করোনা সংক্রমণ, বাংলায় আক্রান্ত ১৪৯৫ জন
বুধবারের পর বৃহস্পতিবার আবার রাজ্যে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেল। এদিন ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৯৫, যা বুধবার ছিল ১২৭৩। তবে দীর্ঘদিন পর ১৫০০ এরও নীচে নেমেছে বাংলায় সংক্রমণের হার। করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা বাড়লেও রাজ্যে মিটিং-মিছিল, সমাবেশ মাস্ক ছাড়াই হচ্ছে, মানা হচ্ছে না সামাজিক দুরত্বও।

বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪৯৫ জন। বুধবারের সংক্রমণের চেয়ে ২২২ জন বেশি সংক্রমণ হয়েছে বৃহস্পতিবার। এদিন রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ৭ জন, বুধবার যা ছিল ৫ জন। সব মিলিয়ে বাংলায় করোনা সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লক্ষ ৯০ হাজার ৪৩৮ জন। রাজ্যে মৃত্যুর সংখ্যা সেভাবে উদ্বেগজনক নয়। রাজ্যে মৃত্যুর হার ১.০২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে সুস্থ হয়ে উঠেছেন ২,৪৩৯ জন, এই নিয়ে রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ২০ লক্ষ ৪৯ হাজার। রাজ্যে সুস্থতার হারও স্বস্তি দিচ্ছে। স্বাস্থ্য দফতরের তথ্য বলছে, এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৯৮.০৬ শতাংশ। তবে পুরো পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে। রাজ্যে করোনা ভাইরাস কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও দেশে কোভিড-১৯ সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে। দেশে ফের করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা পার করল ২০ হাজারের গণ্ডি। একই সঙ্গে উদ্বেগ বাড়িয়েছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় বলি ৪৪ জন। বৃদ্ধি পেয়েছে দেশে সক্রিয় রোগীর সংখ্যাও। স্বাস্থ্য ও পরিবারমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৫৫৭ জন। দৈনিক সংক্রমণে যা বুধবারের তুলনায় অনেক বেশি বলে জানিয়েছে মন্ত্রক।
করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ কোটি ৩৯ লক্ষ ৫৯ হাজার ৩২১ জন। সেই সঙ্গে চিন্তায় ফেলছে পজিটিভিটি রেটও। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১.৪৬ লাখ বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। স্বাস্থ্য ও পরিবারমন্ত্রক আরও জানিয়েছে, দৈনিক সংক্রমণে দেশের মধ্যে প্রথম স্থানে আছে কেরালা। এরপরই মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও দিল্লির স্থান। বুধবারই দিল্লিতে ১ হাজারের বেশি মানুষ নতুন করে করোনায় আত্রান্ত হয়েছেন বলে খবর। যা গত এক মাসে সর্বোচ্চ।












Click it and Unblock the Notifications