West Bengal By Election Result 2024: মতুয়া গড়ে থাবা তৃণমূলের! দুই মাসের মধ্যে বড় ক্ষতি বিজেপির
West Bengal By Election Result 2024: রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদায় প্রার্থী তালিকা নিয়ে বিজেপির অভ্যন্তরে বিরোধ থাকলেও, এইভাবে যে তিন কেন্দ্রে হার হবে, তা অনেকেই মনে নিতে পারছেন না। মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে কিংবা বাগদার বিনয় কুমার বিশ্বাস বিশ্বাস এলাকায় সাংগঠনিক দুর্বলতাকে কোনওভবই স্বীকার করতে রাজি নন। তারা প্রশাসনকে সঙ্গে নিয়ে তৃণমূলের বিরুদ্ধে ব্যাপক রিগিংয়ের অভিযোগ তুলেছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, রাজ্যে রাজনৈতিক শক্তির সর্বোচ্চ সীমায় বসে থাকলেও, তৃণমূলের মধ্যে সর্বগ্রাসী মনোভাব রয়েছে। ফলে এখানে তাদের লাভের থেকেও ক্ষতিটা হল বিজেপির। লোকসভা ভোটে ছটি আসন তৃণমূলের কাছে হারানোর পরে এবার তিনটি বিধানসভার আসনও গেল তৃণমূলের দখলে।

দুই মাসেই বড় তফাত
অথচ দুইমাস আগে হওয়া লোকসভা নির্বাচনে বিজেপি রায়গঞ্জ লোকসভায় আসন জয়ের সঙ্গে রায়গঞ্জ বিধানসভা আসনেও এগিয়ে ছিল। ঠিক যেমন তারা এগিয়ে ছিল রানাঘাট লোকসভা আসনের রাণাঘাট দক্ষিণে এবং বনগাঁ লোকসভা আসনের অধীনে বাগদায়। বিধানসভার উপনির্বাচনে এই দুই কেন্দ্রেই বড় ব্যবধানের হারের সঙ্গে ২০২১-এ মানিকতলায় সাড়ে তিন হাজারের ব্যবধান এবার পৌঁছে গেল ৬২ হাজারে।
বিধানসভার উপনির্বাচনে ফল
এবারের বিধানসভা উপনির্বাচনে রায়গঞ্জ কেন্দ্রে তৃণমূল প্রার্থী কষ্ণ কল্যাণী রায়গঞ্জ কেন্দ্র থেকে প্রায় ৫০ হাজার ভোটে জয় পেয়েছেন। রাণাঘাট দক্ষিণে প্রায় ৩৮ হাজার ভোটে জয় পেয়েছেন তৃণমূলের মুকুটমণি অধিকারী। আর বাগদায় প্রায় ৩০ হাজার ভোটে জয় পেয়েছেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। প্রথম দুই জন অর্থাৎ কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণি অধিকারী রায়গঞ্জ ও রানাঘাট আসন থেকে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। তাঁরা ২০২১-এর নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে এই দুই কেন্দ্রে জয়ী হয়েছিলেন।
লোকসভা নির্বাচনে বিজেপির ফল
কিন্তু মাত্র দুই মাসে আগে হওয়া লোকসভা নির্বাচনে বিজেপি রাজ্যে ছটি আসন তৃণমূলের কাছে হারালেও রায়গঞ্জ, রানাঘাট এবং বনগাঁ ধরে রাখতে সক্ষম হয়েছিল। আর এই তিন কেন্দ্রের অধীন রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদায়ও তৃণমূলের থেকে ভালই ব্যবধান ছিল বিজেপি।
দুই মাসের মধ্যে সেই ব্যবধান পূরণ করে তৃণমূল ব্যবধান অনেকটাই বাড়িয়ে নিতে পেরেছে। এছাড়াও বাগদা ও রানাঘাট দক্ষিণের মতো মতুয়া অধ্যুষিত অঞ্চলে থাবা বসাতেও সক্ষম হয়েছে। যা লোকসভা নির্বাচনে ছয় আসন হারানোর ক্ষতে প্রলেপ দেওয়ার আগেই আরও দগদগে হল।
বিজেপির উপায়
লোকসভা নির্বাচনের সময় বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্ব ত্রিশ আসন জয়ের ডাক দিয়েছিলেন। তা অবশ্য বারোতে থেমে যায়। বিজেপি নেতারা বলেছিলেন দল যদি রাজ্যে ত্রিশটি আসন পায় তাহলে বিধানসভা নির্বাচন এগিয়ে আসবে। সে তো হলই না, দুই মাসের মধ্য়ে বিজেপি এমন ধাক্কা খেল যে, ২০২৬-এর আগে লড়াই দিতে বিজেপিকে বাংলার জন্য নতুন করে ভাবতে হবে এবং সংগঠনকে নতুন করে সাজাতে হবে। এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।












Click it and Unblock the Notifications