পঞ্চায়েত দখলে আদৌ তৈরি বিজেপি! ‘তথ্যচিত্র’ দেখে নিদান দেবেন অমিত শাহ
সাম্প্রতিক ভোটগুলির একটিতেও শাসক তৃণমূলকে টেক্কা দিতে পারেনি বিজেপি। পঞ্চায়েত দখলের স্বপ্নে বিভোর বিজেপি এবার সাংগঠনিক খতিয়ান তুলে ধরবে অমিত শাহের কাছে।
সাম্প্রতিক ভোটগুলির একটিতেও শাসক তৃণমূলকে টেক্কা দিতে পারেনি বিজেপি। তবু পঞ্চায়েত দখলের স্বপ্নে বিভোর তারা। সিপিএমকে সরিয়ে দল দ্বিতীয় স্থানে উঠে এসেছে ঠিকই, কিন্তু প্রথম স্থানাধিকারী তৃণমূলের সঙ্গে আসমান-জমিন ফারাক গেরুয়া শিবিরের। তাই পঞ্চায়েতে সাফল্যের লক্ষ্যে এখন কোমর বাঁধছে বিজেপির রাজ্য নেতৃত্ব।

সেই কারণে সেপ্টেম্বরেই ফের রাজ্যে আসছেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তাঁর সামনে রাজ্য বিজেপি-র সাংগঠনিক অবস্থা সবিস্তারে তুলে ধরা হবে। তথ্যচিত্রের আকারে রাজ্য বিজেপির সাংগঠনিক শক্তি কতটা বৃদ্ধি পেয়েছে তা তুলে ধরা হবে। ইতিমধ্যে তথ্যচিত্রও তৈরির পরিকল্পনা চূড়ান্ত হয়ে গিয়েছে। দলের সাংগঠনিক ক্ষমতা প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপনা করা হবে সর্বভারতীয় সভাপতি অমিত শাহের কাছে।
বিজেপি-র মিডিয়া সেলের আহ্বায়ক অমিত মালব্যের সঙ্গে কথা বলেই এই তথ্যচিত্রের চূড়ান্ত রূপরেখা তৈরি হয়েছে। তিনি রাজ্য বিজেপির-র সোশ্যাল মিডিয়া সেলকে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছেন। দলের সাংগঠনিক রিপোর্ট সম্বলিত এই তথ্যচিত্র বানাতে নির্দেশ দেওয়া হয়েছে আইটি সেলকে। তাঁরা যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুত করছেন তথ্যচিত্র।
হাতে মাত্র রয়েছে ১০টি দিন। তার মধ্যেই এই কাজ সম্পূর্ণ করতে হবে। কেননা আগামী ১১ সেপ্টেম্বর রাজ্যে আসছেন অমিত শাহ। তিনদিন থাকবেন রাজ্যে। ১১ থেকে ১৩ সেপ্টেম্বর তাঁর এই রাজ্য সফরে তিনি পঞ্চায়েত দখলের রূপরেখা তৈরি করে দিয়ে যাবেন। কোন জায়গায় কী খামতি, কী তার দাওয়াই সমস্ত কিছুই জানিয়ে যাবেন তিনি।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, এই তথ্যচিত্রে থাকবে সদস্য সংখ্যার ইতিবৃত্ত, কোথায় কত নতুন সদস্য হয়েছেন, কত পরিবারে পৌঁছতে পেরেছে বিজেপি, কোন জেলা সংগঠন বাড়াতে কতটা সক্ষম হয়েছে, কোথায় সাংগঠনিকভাবে একেবারেই দুর্বল। এর পাশাপাশি রাজ্যের কোথায় কী কর্মসূচি নেওয়া হয়েছে, ভবিষ্যৎ কর্মসূচি কী- সবই দেখানো হবে তথ্যচিত্রে।
বথর ঘুরলেই পঞ্চায়েত ভোটের দামাম বেজে যাবে। তাই গ্রাম দখলের যুদ্ধে দল কতটা প্রস্তুত তা মূল্যায়ন করতে আসছেন সর্বভারতীয় সভাপতি। সেই মূল্যায়নে নিরিখে দাওয়াই দিয়ে যাবেন অমিত শাহ। এই সফরে তাঁর ভোকাল টনিকে তৃণমূলের বিরুদ্ধে পঞ্চায়েতের লড়াইয়ে বিজেপি কতটা প্রস্তত হতে পারে, তা ভবিষ্যৎই বলবে।












Click it and Unblock the Notifications