রাজ্যে বিধানসভা নির্বাচন হতে পারে ২ দফায়, খবর কমিশন সূত্রে
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ১৬ মার্চ ঘোষণা করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, সম্ভবত দুটি দফায় ভোট হবে।
আজ নির্বাচন কমিশনের এক আধিকারিক এই ইঙ্গিত দেন। চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য নয়াদিল্লিতে কমিশনের পরবর্তী বৈঠকের পর নেওয়া হবে।

ওই আধিকারিক জানান, রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনে নির্বাচন সম্ভবত আগামী মাস থেকে দুটি দফায় হবে। সম্প্রতি কলকাতায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে শাসক দল তৃণমূল কংগ্রেস ছাড়া বেশিরভাগ রাজনৈতিক দল এক বা দুই দফায় ভোট চেয়েছিল। নিরাপত্তা বাহিনীর আধিকারিক-সহ অন্য কর্মকর্তারাও একই পরামর্শ দেন।
তিনি আরও বলেন, "পশ্চিমবঙ্গে দুই দফায় বিধানসভা নির্বাচন হলে ভোট-সম্পর্কিত হিংসা নিয়ন্ত্রণে আনা সহজ হবে। কারণ, দুষ্কৃতীরা এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ পাবে না। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এই বিষয়টিও বিবেচনা করা হবে।"
এক দফায় ভোটগ্রহণের সম্ভাবনা প্রসঙ্গে তিনি জানান, ২০২৪ সালে মহারাষ্ট্রের ২৮৮ আসনে এক দফায় ভোট হয়। যদিও পশ্চিমবঙ্গে এক দফায় নির্বাচন অসম্ভব নয়, তবে এবার এর সম্ভাবনা খুবই কম। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন। ভোটের আগে ও পরে কড়া নজরদারির বিষয়ে রাজ্য সরকারের বরিষ্ঠ আধিকারিকরা কমিশনকে আশ্বাস দিয়েছেন।












Click it and Unblock the Notifications