হঠাৎই কলকাতায় আরাবুল ইসলাম! টিকিট না পাওয়ায় দলত্যাগের জল্পনা তুঙ্গে
বহিরাগত প্রার্থী তত্ত্বে আরাবুল ইসলামের সমর্থকদের বিক্ষোভ প্রদর্শন। ভাঙড় পঞ্চায়েত সমিতিতে গিয়েছিলেন তৃণমূল নেতা। সেখানে তাঁর অনুগামীরা বিক্ষোভ প্রদর্শন করেন। পরে কলকাতার উদ্দেশে রওনা দেন আরাবুল। যদিও দল ছাড়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।

বেসুরোদের তালিকায় আরাবুল
কালীঘাট থেকে গতকাল পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের বিধানসভা ভোটে শাসকদলের প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন অনেকে। জনপ্রিয় নেতাদের পরিবর্তে বহু অচেনা মুখ দেখা গিয়েছে তৃণমূলের প্রার্থী তালিকায়। এদিকে বিধানসভা ভোটের টিকিট না পাওয়ায় অনেকেই ক্ষুব্ধ। প্রকাশ্যে ক্ষোভের কথা প্রকাশ করেছেন তাঁরা। সেই তালিকায় এবার আরাবুল ইসলাম।

কলকাতায় আরাবুল ইসলাম
এবারের ভোটে টিকিট না পেয়ে যথারীতি ক্ষুব্ধ তৃণমূল নেতা। আজ ভাঙড় পঞ্চায়েত সমিতিতে যান তিনি। সেখান থেকে কলকাতার উদ্দেশে যাওয়ার আগে বলেন, 'আমার যা বলার কলকাতা থেকে ফিরে বলব।' মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ডেকেছেন কিনা প্রশ্ন করা হলে তাঁর উত্তর, 'আমাকে সেই সুযোগ দেওয়া হয়নি।'

'দলের আজকে আমার প্রয়োজন ফুরালো'
আরাবুল ইসলাম কলকাতা ছেড়ে কলকাতার উদ্দেশে রওনা দেওয়ার আগে বলেন, 'আমি নিজের কাজে কলকাতা যাচ্ছি। কাজ সেরে ভাঙড়ে ফিরে যা বলার বলব।' প্রার্থী তালিকায় নিজের নাম দেখে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন আরাবুল। লেখেন, 'দলের আজকে আমার প্রয়োজন ফুরালো।'

আরাবুলের সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করেন
এদিকে আরাবুল আজ ভাঙড় পঞ্চায়েত সমিতিতে পৌঁছানোর পর তাঁর সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করেন। দলীয় কর্মীদের চাপে ব্লক তৃণমূল নেতৃত্ব ভাঙড় বিজয়গঞ্জ বাজারে একটি বৈঠক করেন। ওই বৈঠক থেকে বেরিয়ে কলকাতার উদ্দেশে রওনা দেন আরাবুল। স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশ 'বহিরাগত প্রার্থী' তত্ত্ব তুলে আরাবুলের সমর্থনে স্লোগান দিতে থাকেন। তৃণমূলে থাকছেন কিনা তা স্পষ্ট করেননি আরাবুল। তবে তাঁর সমর্থকরা চাইছেন, নির্দল প্রার্থী হিসেবে এবারের বিধানসভা নির্বাচনে তিনি দাঁড়ান।












Click it and Unblock the Notifications