অটল জমানা থেকে বদলে গিয়েছে বিজেপি! তৃণমূলে যোগ দিয়েই মোদী-শাহকে তোপ যশবন্তের
অটল বিহারী বাজপেয়ীর আমলে যে বিজেপি ছিল, যে সরকার ছিল, আজকের সরকার এবং দলের সঙ্গে তার অনেক তফাৎ রয়েছে৷ তৃণমূলে যোগ দিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে বললেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা৷ তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আজ তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশোবন্ত সিনহা৷ তৃণমূল ভবন থেকে তিনি মমতা-ব্রিগেডে যোগ দেন। উল্লেখ্য, বিজেপি আগেই তাঁকে দল থেকে বহিষ্কার করেছিল৷

যশবন্ত সিনহাকে দলে স্বাগত জানা সুদীপ-ডেরেকরা
যশবন্ত সিনহাকে দলে স্বাগত জানাতে আজ তৃণমূল ভবনে সুদীপ বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন সুব্রত মুখোপাধ্যায় ও ডেরেক ও'ব্রায়েন৷ নবাগত নেতার হাতে আজ জোড়াফুলের পতাকা তুলে দেন তৃণমূলের নেতারা৷ সুব্রত মুখোপাধ্যায়ের মতে, আগামী দিনে তৃণমূলের পথ প্রদর্শক হবেন যশোবন্ত৷ তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও আবেগাপ্লুত৷ বললেন, বাজপেয়ী আমলে অন্যতম স্তম্ভ ছিলেন যশোবন্ত সিনহা৷ আমি অনেকবার ভেবেছিলাম আমরা একসঙ্গে কাজ করতে পারব৷ আজ সেই স্বপ্ন সত্যি হল৷

মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় ৪৫ মিনিট কথা হয় যশোবন্ত সিনহার
মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় ৪৫ মিনিট কথা হয়েছে যশোবন্ত সিনহার৷ তারপরেই আজ তৃণমূল ভবন থেকে মমতা-ব্রিগেডে যোগ দিলেন বর্ষীয়ান নেতা৷ যশোবন্ত সিনহার তৃণমূলে যোগদান নিঃসন্দেহে দলের শক্তি অনেকাংশে বাড়িয়ে দেবেন বলেই মনে করছে তৃণমূল নেতৃত্ব৷

বাজপেয়ীর ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন যশবন্ত
একসময় অটল বিহারী বাজপেয়ীর ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন যশবন্ত সিনহা৷ তবে আজ কেন দল ছাড়ছেন তিনি? উত্তর দিলেন নিজেই৷ স্পষ্ট জানিয়ে দিলেন, এখনকার দল আর অটলজির সময়ের দলের মধ্যে অনেক তফাৎ রয়েছে৷ মোদী-শাহ দিল্লি থেকে যেভাবে চালানোর চেষ্টা করছে, তা দেশের আমজনতা মেনে নেবে না৷ বাংলার ভোট থেকেই তার শুরু হচ্ছে৷

নির্বাচন কমিশনকে তোপ যশবন্তের
তোপ দাগলেন নির্বাচন কমিশনের উপরেও৷ সরাসরি অভিযোগ তুলে বললেন, নির্বাচন কমিশন এখন আর স্বতন্ত্র সংস্থা নেই৷ সংবিধানে রাষ্ট্রপতি শাসনের কথা বলা রয়েছে৷ কিন্তু, এখন আদর্শ আচারণবিধির নামে নির্বাচন কমিশনের শাসন চলছে বলেও অভিযোগ করেন বর্ষীয়ান নেতা৷ তাঁর মতে, নির্বাচন কমিশন কেন্দ্রের হাতের পুতুলে পরিণত হয়েছে৷

বিজেপিকে একের পর এক বাক্যবাণে বিদ্ধ করলেন যশবন্ত
এদিকে আজ তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই বিজেপিকে একের পর এক বাক্যবাণে বিদ্ধ করতে শুরু করেন যশবন্ত সিনহা৷ বললেন, 'সরকারের খামখেয়ালিপনার উপর বাধা দেওয়ার মতো কেউ আর নেই৷ গণতন্ত্রের মানে শুধুমাত্র ভোট দেওয়া নয়, গণতন্ত্র মানে যে সরকার তৈরি হচ্ছে, তা সারাক্ষণ আমজনতার প্রতি তার কর্তব্য পালন করা৷ আজ দেশের যা অবস্থা তাতে মনে হচ্ছে কারও কিছু যায় আসে না৷ অন্নদাতারা রাস্তায় বসে রয়েছেন, কিন্তু কারও কোনও হেলদোল নেই ৷ পরিযায়ী শ্রমিকরা যেভাবে পায়ে হাঁটে বাড়ি ফিরতে বাধ্য হয়েছেন। সবকিছু দেখে মনে হচ্ছে সরকারের কিছু যায়-আসে না৷' প্রশ্ন তুললেন দেশের বিচারব্যবস্থা নিয়েও৷












Click it and Unblock the Notifications