তৃণমূলের দুই সাংসদের মধ্যে 'বন্ধুত্ব, সততা' নিয়ে পর পর পোস্টে শোরগোল! ভোটের আগে তীব্র জল্পনা
বঙ্গ রাজনীতিতে ক্রমাগত দলবদলের ঝড়ের মধ্যেই নেতা নেত্রীদের তোপ আর পাল্টা তোপের পর্ব উঠে আসছে। এরই মাঝে বাংলার রাজনীতির আঙিনায় নবাগতা দুই সাংসদের পর পর সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে তীব্র চাঞ্চল্য শুরু হয়েছে তাঁদের ঘনিষ্ঠমহলে। এই দুই তৃণমূল সাংসদের বন্ধুত্বকে কার্যত 'বিএফএফ' ও 'সোল সিস্টার' তকমা অনেকেই দিয়েছেন। সেই মিমি ও নুসরতের ইনস্টাগ্রাম স্টোরি এবার খবরে।

কোন ইস্যুতে চড়ছে পারদ ?
প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহানের ব্যক্তিগত জীবন রীতিমতো লাইমলাইট কাড়তে শুরু করেছে বেশ কয়েকদিন ধরে। তাঁর দাম্পত্য জীবনের ফাটল সম্পর্কে একাধিক খবর উঠতে শুরু করেছে। এরই মাঝে তাঁর ঘনিষ্ঠ বান্ধবী তথা তৃণমূলের অপর সাংসদ মিমি চক্রবর্তীর পোস্ট , এবং তারপরই নুসরতের একটি পোস্ট ঘিরে জল্পনা চড়েছে।

মিমি কী লিখেছেন তাঁর পোস্টে?
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মিমি চক্রবর্তী যে পোস্ট শেয়ার করেছেন, তা হল, 'সমস্যা হল সততার পথে থাকলে , সে সকলের কাছে অপ্রিয় হয়ে ওঠে। আবার মিথ্য়াচার করলে সকলের প্রিয় হয়ে যায়।' আর যাদবপুরের সাংসদের এই বক্তব্য ঘিরেই শুরু হয়েছে তুলকালাম।

নুসরতের বিস্ফোরক পোস্ট!
মিমির শনিবারের ওই পোস্টের পর নুসরতের পোস্টে ইনস্টাগ্রাম স্টোরিতে লেখা ' কিছু মানুষ সামান্য স্পটলাইটের জন্য দীর্ঘদিনের বন্ধুকেও ঠকাতে পারে'। এখানেই শেষ নয়, আরও একটি পোস্টে নুসরত লিখেছেন,'জীবন শুধু মুখে কে সততা দেখাল তা নিয়ে নয়। তোমার আড়ালেও যে সৎ তা নিয়ে।'

জল্পনার পাহাড়
প্রসঙ্গত, টলিউডে কান পাতলেই শোনা যায় নুসরত ও মিমি একে অপরকে 'বনুয়া' বলে সম্বোধন করেন। সেই জায়গা থেকে এই পোস্ট তাঁরা একে অপরকেই করেছেন কি না, তা কারোরই জানা নেই। এদিকে , নুসরতের ব্যক্তিগত জীবন নিয়ে যখন ব্যাপক আলোচনা হচ্ছে, তখন মিমি মুখে কুলুপ এঁটেছেন। এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে এই পোস্টগুলি ব্যাপক তোলপাড় শুরু করেছে নেট দুনিয়ায়।












Click it and Unblock the Notifications