মমতার উপর 'হামলা'র প্রতিবাদে শুক্রবার তৃণমূলের বড়সড় কর্মসূচি, মোদী-শাহদের বিরুদ্ধে ফুঁসে উঠলেন পার্থরা
শুক্রবার তৃণমূলের বড়সড় প্রতিবাদ-কর্মসূচি
বিক্ষোভ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বাংলার বিভিন্ন জায়গায়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নির্বাচনী কেন্দ্রে আহত হওয়ার রাত থেকে রাজ্যের একাধিক জায়গায় বিক্ষোভ সামিল হয়েছেন তৃণমূলের সমর্থকরা। এমন এক পরিস্থিতিতে মমতা সকলকে সংযত থাকার বার্তা দিয়েছেন। তবে ঘটনার প্রতিবাদে আগামীকাল রাস্তায় তৃণমূল নামছে বলে জানান পার্থ চট্টোপাধ্যায়।

প্রসঙ্গে কমিশন ও তৃণমূলের বক্তব্য
পার্থ চট্টোপাধ্যায় এদিন জানান, বর্তমানে রাজ্যে আইন শৃঙ্খলার দায়িত্বে রয়েছে নির্বাচন কমিশন। আর কমিশনের দায়িত্বে যখন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি তখনই তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর এমন চোট পাওয়ার ঘটনা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ পার্থ চট্টোপাধ্যায়রা। তাঁরা কমিশনের নিরপক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি জানান, যে দলের সাংসদদের মধ্যে থেকে সৌগত রায়, ডেরেক ও ব্রায়ান, শতাব্দী রায়রা আগামীকালই এই ইস্যুতে দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন।

বাংলার বুকে তৃণমূলের মিছিল শুক্রবার
এদিন পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, আগামীকাল দুপুর ৩ থেকে ৫ টা পর্যন্ত বাংলার সর্বত্র, প্রায় সমস্ত ব্লকস্তরের জায়গায় প্রতিবাদ কর্মসূচিতে নামবে তৃণমূল। মুখে কালো কাপড় বেঁধে , কালো পাতাকা নিয়ে হবে তৃণমূলের মৌন মিছিল।

'প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী একবারও ফোন করেননি'
সকালেই তৃণমূলের তরফে অভিযোগ করা হয় যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন, এটা শুনেও কেন প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী একটিও টুইট করেননি? বিকেলে সৌগত রায় ক্ষোভ উগড়ে জানান, প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীদের থেকে একটিও ফোন আসেনি বাংলার অগ্নিকন্যার কাছে।

ষড়যন্ত্রের তত্ত্বে অনড় ঘাসফুল শিবির
এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলায় ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেন পার্থ চট্টোপাধ্যায়। বিজেপি এর আগে এই চক্রান্তের তত্ত্ব নিয়ে তৃণমূলকে খোঁচা দিলেও, তা কার্যত নস্যাৎ করে পাল্টা পার্থবাবুদের প্রশ্ন, রাজ্যে নির্বাচন কমিশন পর পর দুই প্রশাসনিক আধিকারিককে বদলী করার পর মমতার সঙ্গে এমন ঘটনা ঘটায় তাঁরা হতবাক।












Click it and Unblock the Notifications