মমতাকে পাশে নিয়ে জোট অঙ্কে তেজস্বী উত্তর দিলেন 'বড়' প্রশ্নের, রাজনৈতিক রসায়ন আলোচনায়
শোনা গিয়েছিল তিনি বাম-কংগ্রেস-আব্বাসদের ব্রিগেড সমাবেশে আসবেন। তবে লালুপুত্র সেখানে না গিয়ে বাংলায় সোজা নবান্নে এসে মমতার পাশে দাঁড়িয়ে জানিয়ে গেলেন ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভার ভোটে তিনি সম্পূর্ণ সমর্থন দিচ্ছেন মমতা শিবিরকে। এরপরই সাংবাদিকদের তরফে তেজস্বীর জন্য এক প্রাসঙ্গিক প্রশ্ন উঠে আসে।

পূর্ণ শক্তি দিয়ে মমতাকে সমর্থন
এদিন নবান্নে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে এদিন তেজস্বী সাফ জানান যে তাঁর দল তৃণমূলকে পূর্ণশক্তি দিয়ে সমর্থন জানাবে। তেজস্বী বলেন, যেভাবে প্রয়োজন হবে, সেভাবে সমর্থন করবেন তিনি।

বিজেপির বিরুদ্ধে চড়ালেন পারদ
এদিন তেজস্বী যাদব বলেন, যেভাবে প্রয়োজন হবে, সেভাবে তিনি তৃণমূলকে এই নির্বাচনে সমর্থন করতে রাজি। তেজস্বীর দাবি দেশকে ভেঙে ফেলার শক্তিকে রুখতে হবে। আর বিজেপিকে রুখতেই তিনি মমতার পাশে। তেজস্বী বলেন, বাংলার ভাষা থেকে সংস্কৃতির প্রশ্ন নিয়ে যখন লড়াই হচ্ছে, তখন বিহার থেকে তেজস্বীর সম্পূর্ণ সহযোগিতা মমতার তরফে রয়েছে। তেজস্বী বলেন, বাংলায় বসবাসকারী বিহারীদের তিনি অনুরোধ করবেন যাতে তাঁরা মমতাকেই ভোট দেন।

বিহারে অন্যায়ভাবে বিজেপি জোটের সরকার
তেজস্বী এদিন সাফ জানান , বিজেপিকে আটকানোই তাঁদের লক্ষ্য। তিনি এপ্রসঙ্গে অভিযোগের সুরে জানান, বিহারে বিজেপি অন্যায় পদ্ধতিতে মসনদে এসেছে। আর বাংলায় তা যাতে না হয়, তার জন্যই তাঁরা দিদির পাশে।

বিহারে তেজস্বীর বাম-কংগ্রেসের সঙ্গে জোট, বাংলায় তৃণমূল?
এদিন নবান্নে সাংবাদিকদের তরফে এক বড়সড় প্রশ্নের মুখে পড়েন আরজেডি নেতা তেজস্বী যাদব। তাঁকে প্রশ্ন করা হয় যে বিহারে আরজেডির বাম ও কংগ্রেসের সঙ্গে জোট রয়েছে তাঁদের। সেই জায়গা থেকে বাংলায় তাঁরা তৃণমূলের পাশে? এই প্রশ্নে উত্তরে তেজস্বী বলেন, বাংলায় যখন লড়াই ভাষা ও সংস্কৃতি নিয়ে তখন তিনি অবশ্যই মমতার পাশে আছেন। তাছাড়াও কেরলে বাম আর কংগ্রেসের মধ্যে বিরোধিতা রয়েছে, আবার অন্য রাজ্যে তাঁরা একসঙ্গে। ফলে এটি এলাকা ও রাজ্য নির্ভর জোট অঙ্কে বিষয়টি এগোচ্ছে।

'হাম লড় রহে হ্যায় তো...' মমতার বার্তা
এদিন বাংলায় যে আরজেডি ও তৃণমূল একযোগে লড়বে তার বার্তা দিয়ে দিয়েছেন মমতা। তিনি বলেন, সাহসের সঙ্গে তিনি বলতে চান,'হাম লড় রহে হ্যায় তো তেজস্বী জি লড় রহে হ্যায়। তেজস্বী লড় রহে হ্যায় তো হাম লড় রহে হ্যায়।' মমতা বলেন, আগামী দিনে বিজেপি জোটের সরকার বিহারে পড়বে, আর বাংলাতেও বিজেপির সরকার আসবে না।












Click it and Unblock the Notifications