এবার বিজেপিতে সোনালি গুহ! টিকিট নয় তৃণমূলকে হারানোই মূল লক্ষ্য
সাতগাছিয়ার বিধায়ক ও রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার সোনালি গুহ আজ বিজেপিতে যোগদান করতে পারেন। ইতিমধ্যেই বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের সঙ্গে সোনালি গুহের কথা হয়। গতকাল রাত থেকেই দফায় দফায় বৈঠক হয়। সোনালি বিজেপিতে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেন।

বিজেপিতে যাচ্ছেন সোনালি!
সোনালি গুহ এদিন নিজেই জানান যে মুকুল রায়কে আজ সোনালি গুহ ফোন করেন। তিনি নাকি মুকুল রায়কে বলেছেন, 'সুব্রত বক্সী আমাকে জানিয়েছিলেন যে আমি লিস্টে থাকব না। তালিকা প্রকাশ হলে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ফোন করবেন। কিন্তু তৃণমূল অফিস থেকে কোনও ফোন আসেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ফোন করেননি। এরপরই আমি মুকুলদাকে ফোন করি। আমি বলেছি, আমার টিকিট লাগবে না। একটা সম্মানজনক পদ দিলেই হবে। আমি শুধু সব জায়গায় প্রচার করব।'

সোনালির বিরূদ্ধে চলে গেছেন দলেরই বেশ কিছু নেতা
তাঁর বিধানসভা কেন্দ্রে সোনালির বিরূদ্ধে চলে গেছেন দলেরই বেশ কিছু নেতা। গত কয়েক বছরে ডায়াবেটিস কাবু করেছে দাপুটে সোনালি গুহকে। চলাফেরার ক্ষেত্রেও বেশ অসুবিধা হয় তাঁর। কলকাতা থেকে সাতগাছিয়া গিয়ে বিধানসভার কাজ দেখভাল করতেও অনেক সমস্যা দেখা দিচ্ছে। তাই একুশের নির্বাচনে আর সোনালি গুহকে প্রার্থী করলেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাতেই মনখারাপ বিদায়ী বিধায়কের। মেনে নিতে পারছেন না, দলনেত্রী এমন সিদ্ধান্তও নিতে পারেন বলে। সাতগাছিয়ায় টিকিট না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন তৃণমূল বিধায়ক সোনালি গুহ।

এই দাম দিল মমতা বন্দ্যোপাধ্যায়?
বললেন, দীর্ঘদিন একসঙ্গে থাকার একটা দাম ছিল মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস। ভালোই সম্মান পেলাম। গত শনিবারও নাকি তিনি ভেবেছিলেন যে তাঁকে সাতগাছিয়া কেন্দ্রের প্রার্থী করা হবে। এরপর পেট্রোপণ্যের দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বিধানসভা এলাকা চষে বেড়িয়েছেন। টোটো করে মানুষের দরজায় গিয়েছেন। তাঁদের আশীর্বাদ চেয়েছেন। সেসব কথা বলতে বলতেই গলা ভার হয়ে আসছিল তাঁর। আর ওই মানুষগুলোর সঙ্গে দেখা হবে না ভেবে নিতে পারছেন না তিনি।

২৪ ঘণ্টায় সুর বদল সোনালির
শুক্রবার আশাহত সোনালি গুহ বলেন, সব সময় দিদিকে আইডল মেনে চলেছি। এই ঘোষণায় বড় আঘাত পেলাম। তবে আমি চাইব দিদি আবার মুখ্যমন্ত্রী হোন। যদিও একদিনের মাথায় তাঁর সেই সুর বদলেছে। শুক্রবার যদিও কাঁদতে কাঁদতে তিনি বলেন, আমাকে যদি ডেকে একবার বলতেন এত কষ্ট পেতাম না। অনেকেই বলছে আমি নাকি অসুস্থ। আমার সুগারটা একটু বাড়ে কমে। এর জন্য আমাকে এবার কোনও আসন দেওয়া হল না ভাবতে কষ্ট হচ্ছে।












Click it and Unblock the Notifications