এবার নন্দীগ্রামে যাবেন রাকেশ টিকাইত! বিজেপিকে শিক্ষা দিতে কোমর কষছেন কৃষক নেতা
আজ রাজ্যে এলেন সংযুক্ত কৃষক মোর্চার নেতা রাকেশ টিকাইত৷ সকাল ১০টা নাগাদ কলকাতায় পৌঁছান তিনি৷ নন্দীগ্রামে যাবেন৷ নয়া তিন কৃষি আইনের বিরোধিতায় এবার নির্বাচনকে পাখির চোখ করেছেন কৃষকরা৷ যে রাজ্যগুলিতে নির্বাচন হবে সেখানে সেখানে মহাপঞ্চায়েতের আয়োজন করছেন বিক্ষোভরত কৃষকরা৷ সেই উপলক্ষে আজ রাজ্যে এলেন রাকেশ টিকাইত৷ নন্দীগ্রামে গিয়ে কৃষকদের সঙ্গে দেখা করবেন তিনি৷

মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবেন রাকেশ?
তবে মোদীর বিরোধিতা করলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবেন কি না সেই বিষয়ে কিছু বলতে চাননি তিনি৷ বরং ঘুরিয়ে প্রশ্নের জবাব দেন তিনি৷ কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাকেশ টিকাইত বলেন, 'আমরা কৃষকদের সমর্থন করব৷ যাঁরা কৃষকদের পাশে আছেন, তাঁদের সঙ্গে কথা বলব৷'

'বাংলার কৃষকরা সবথেকে দুঃখী'
মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবেন কি না সেই প্রসঙ্গ এড়িয়ে বলেন, 'আগে কৃষকদের সঙ্গে দেখা করব৷ বাংলার কৃষকরা সবথেকে দুঃখী৷ দেশের কৃষকদের বরবাদ করে দিয়েছে কেন্দ্র৷ প্রধানমন্ত্রী যে রাজনীতি করছেন, কৃষকদের ক্ষতি করছেন সেই বিষয়ে আমরা এখানকার কৃষকদের জানাব৷ যাতে এই পরিস্থিতিতে পড়তে না হয় তার জন্য সারা দেশে বেরিয়েছি।'

কোনও রাজনীতিকের সঙ্গে দেখা করবেন না রাকেশ
কোনও রাজনীতিকের সঙ্গে দেখা করবেন না বলে জানিয়ে দেন তিনি৷ কলকাতার জনতার উদ্দেশে তাঁর বার্তা, এরা দেশ লুট করে নিচ্ছে৷ দেশকে বাঁচান৷ এরা তো সমুদ্রপথ খুঁজছে৷ দেশকে লুট করে পালিয়ে যাবে৷ সম্প্রতি কৃষকরা দেশবাসীর কাছে বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দিয়েছেন।

'বিজেপিকে শিক্ষা দিন'
সংযুক্ত কিষান মোর্চা ভোটমুখী রাজ্যগুলির জনগণকে বলেছে, 'বিজেপিকে শিক্ষা দিন'। দফায় দফায় কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও নয়া কৃষি আইন বাতিলের দাবি না-মেটায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার কৃষক স্বার্থের বিষয়ে ভাবছে না বলে বারবার তোপ দাগা হচ্ছে। এই অবস্থায় ঠিক ভোটের মুখে রাজ্যে কৃষকদের মহাপঞ্চায়েত বিজেপির অস্বস্তি বাড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications