ফুল বদল রাজীবের, প্রথা ভেঙে অমিত শাহের বাড়িতেই বিজেপিতে যোগ বিক্ষুব্ধ তৃণমূল নেতাদের
প্রথা ভেঙে অমিত শাহের বাড়িতেই বিজেপিতে যোগ দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁর সঙ্গে বিজেপিতে যোগ দেন বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল, রথীন চক্রবর্তী, পার্থসারথি চট্টোপাধ্যায় ও অভিনেতা রুদ্রনীল ঘোষ৷ এদিন বিজেপিতে যোগদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, 'কেন্দ্রকে বাদ দিয়ে কোনও রাজ্যের উন্নয়ন হয় না। মানুষ হতাশায় ভুগছে। তাদের জন্যে চাকরি চাই। কর্মসংস্থান করতে হবে। সার্বিক উন্নয়ন করতে হবে বাংলার।'

ধাপে ধাপে সব পদ ছেড়েছিলেন রাজীব
এর আগে ধাপে ধাপে গতকালই নিজের বিধায়ক পদ এবং তৃমূল কংগ্রেস ছেড়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তার অনেক আগেই রাজ্যের মন্ত্রীপদ থেকে ইস্তফা দিয়েছেন ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক৷ অনেকটা শুভেন্দু অধিকারীর মতো৷ নীতিগত ভাবে তিনি স্বচ্ছ জায়গায় থাকতে চান৷ তাঁর বিরুদ্ধে যাতে কোনও আঙুল না ওঠে৷

বিজেপিতে যোগ দেওয়ার ইঙ্গিত বহু আগে থেকেই
উল্লেখ্য, বিজেপিতে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েই গত সপ্তাহের শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু তিনি দীর্ঘদিন ধরেই মন্ত্রিসভার বৈঠকে অনুপস্থিত থাকছিলেন৷ ঠিক যেভাবে শুভেন্দু অধিকারীকে মন্ত্রিত্ব ছাড়ার কয়েক মাস আগে থেকে মন্ত্রিসভার বৈঠকে দেখা যেত না৷ শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছেড়েছেন৷ তার পর ছেড়েছেন বিধায়ক পদ৷ শেষে তৃণমূলের প্রাথমিক সদস্যপদ ছেড়ে নিজেকে রাজনৈতিক ভাবে মুক্ত করে নেন৷ আর একজন 'সাধারণ ভোটার' হিসেবেই বিজেপিতে যোগদান করেন৷ রাজীবও সেই পথেই হাঁটেন।

শুভেন্দু অধিকারীর পথে হেঁটেই বিজেপিতে রাজীব
রাজীব বন্দ্যোপাধ্যায় নিজের ক্ষোভের কথা শুভেন্দু অধিকারীর মতো প্রকাশ্যে বলেছেন একাধিকবার৷ আবার শুভেন্দুর মতো তাঁর সঙ্গেও তৃণমূল কংগ্রেস একাধিকবার বৈঠক করেছে৷ তাঁর ক্ষোভ প্রশমনের চেষ্টা করেছে৷ কিন্তু লাভ কিছুই হয়নি৷ অন্যদিকে দল ছাড়ার আগে একাধিক সভা থেকে শুভেন্দুকে নাম না করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কটাক্ষ করতে দেখা গিয়েছে৷ রাজীবও কয়েকদিন আগে ফেসবুক লাইভে এসে রাজ্যের বেকারত্ব নিয়ে প্রশ্ন তোলেন৷

ব্যতিক্রমী রাজীব
গত কয়েক বছরে রাজ্য রাজনীতি একাধিক দল বদলের ঘটনা দেখেছে৷ সেই দল বদলে ব্যতিক্রম এখনও পর্যন্ত দুইজন৷ মুকুল রায় ও শুভেন্দু অধিকারী, যাঁরা দল ছাড়ার আগে সাংসদ-বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছেন৷ কিন্তু বাকিরা এই নীতিকে উড়িয়ে দিয়েছেন৷ যে দলের টিকিটে জিতেছেন, তা বজায় রেখেই এক দল থেকে অন্য দলে গিয়েছেন৷ তবে তাঁদের পথে হেঁটেই বিজেপিতে যোগ দিলেন রাজীব।












Click it and Unblock the Notifications