মমতার সম্পত্তির হিসাব থেকে গয়নার পরিমাণ, নগদের অঙ্ক কত, নির্বাচনী হলফনামায় দিদি পেশ করেছেন যাবতীয় তথ্য
মমতার সম্পত্তির হিসাব থেকে গয়নার পরিমাণ ,নগদের অঙ্ক কত, নির্বাচনী হলফনামায় দিদি পেশ করলেন যাবতীয় তথ্য
নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী হিসাবে বুধবারই হলদিয়ায় নিজের মনোনয়ন পেশ করেন। নন্দীগ্রামের বুকে তাঁর সঙ্গে শুভেন্দু অধিকারীর হাইভোল্টেজ লড়াইয়ের মাঝে মমতা বুধবারই মনোনয়নের সঙ্গে নিয়ম মেনে জানিয়ে দেন তাঁর সম্পত্তির পরিমাণ। মমতার এই সম্পত্তির হিসাবেই দেখা যায় যে আগের থেকে তৃণমূল নেত্রীর আয় কমেছে অনেকটাই। একনজরে দেখা যাক, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সম্পত্তির পরিমাণ।

কমেছে মমতার আয়
মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর যে সম্পত্তির পরিমাণ নির্বাচনী হলফনামায় পেশ করেছেন , তাতে দেখা গিয়েছে ২০১৯-২০ সালের আর্থিক বছরে মমতার বার্ষিক আয় ছিল ১০ লক্ষ ৩৪ হাজার,৩৭০ টাকা। তার আগে, ২০১৮-১৯ সালে আর্থিক বছরে তাঁর আয় ছিল ২০ লক্ষ ৭১ হাজার ১০ টাকা। যে হলফনামা মমতা পেশ করেছেন, তাতে বিগত বছরগুলিতে তাঁর বার্ষিক আয় প্রকাশ করেছেন। তাতে দেখা গিয়েছে ২০১৮-১৯ সালের আর্থিক বর্ষেই মমতা সবচেয়ে বেশি আয় করেন।

সম্পত্তি বৃদ্ধি নয়, কমতি হয়েছে মমতার!
২০১৬ সালের বিগত বিধানসভা নির্বাচনে মমতা জানিয়েছিলেন যে তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ৩০.৭৫ লক্ষ টাকা। আর ২০২১ সালের বিধানসভা নির্বাচনে দিদি জানিয়েছেন তাঁর সম্পত্তির পরিমাণ ১৬ লক্ষ ৭২ হাজার ৩৫২ টাকা ৭১ পয়সা। দুটি অঙ্কের ফারাকে বোঝা যায়, যে ২০১৬ সালে মমতা দ্বিতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী মসনদে আসার পর কমেছে তাঁর সম্পত্তির পরিমাণ। গত ৫ বছরে সম্পত্তির এই পরিমাণের কমতি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

তাঁর নামে নেই গাড়ি, নগদ কত টাকা রয়েছে?
মমতা জানিয়েছেন, তাঁর নামে নেই কোনও গাড়ি। নেই চাষের জমি বা বাণিজ্যিকভাবে ব্যবহার হতে পারে এমন কোনও জমি বা স্থান। পৈত্রিক সূত্রেও তৃণমূল সুপ্রিমো কোনও সম্পত্তি পাননি বলে জানিয়েছেন। ব্যাঙ্ক সহ কোনও জায়গা থেকে তাঁর ওপর ঋণের বোঝা নেই। নগদ টাকা বলতে রয়েছে ৬৯ হাজার ২৫৫ টাকা।

ব্যাঙ্কে কত টাকা রয়েছে মমতার?
নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ব্যাঙ্কে তাঁর বর্তমানে ১৩.৫৩ লক্ষ টাকা রয়েছে। অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ রয়েছে ১৮, ৪৯০ টাকার। গত বিধানসভা নির্বাচনে মমতার ব্যাঙ্ক ব্যালেন্স ছিল ২৭.৬১ লক্ষ টাকা।

মমতার গয়না সংক্রান্ত তথ্য
হলফনামায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁর কাছে ৯ গ্রাম ৭৫০ মিলিগ্রামের মতো গয়না রয়েছে। অস্থাবর সম্পত্তির মধ্যে এই গয়নাই রয়েছে তাঁর কাছে। যার মূল্য ৪৩ হাজার ৮৩৭ টাকা বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications