লক্ষ্মীরতন কি বিজেপিতে যাচ্ছেন? জবাব দিলেন খোদ রাজ্যের প্রাক্তন মন্ত্রী
লক্ষ্মীরতন কি বিজেপিতে যাচ্ছেন? জবাব দিলেন খোদ রাজ্যের প্রাক্তন মন্ত্রী
কিছু সপ্তাহ আগে আচমকাই মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে মন্ত্রিত্ব থেকে অব্যহতি চান লক্ষ্মীরতন শুক্লা। এর সঙ্গে সঙ্গেই শুভেন্দু পর্বের পর রাজ্যরাজনীতি তোলপাড় হয়। কারণ ততদিনে শুভেন্দু অধিকারীর মতো তাবড় নেতা বিজেপিতে যোগ দিয়েছেন। রাজ্যজুড়ে দলবদের হাওয়া। তবে জল্পনা চড়তেই লক্ষ্মীরতন জানিয়েছিলেন যে রাজনীতি থেকে আপাতত কিছুটা বিশ্রাম চান তিনি। এরপর এদিন এবিপি নিউজের 'শিখর সম্মেলন' এ যোগ দিয়ে মুখ খুললেন লক্ষ্মীরতন শুক্লা।

ভোট ও লক্ষ্মীরতন
এদিনের অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী লক্ষ্মীরতন বলেন, বাংলার মানুষের কথা তথা জনগণের কথা যাঁরা ভাববেন , মানুষ তাঁদের ভোট দেবেন। এপ্রসঙ্গে তিনি কোনও পার্টির নাম নিতে চাননি। যেখানে এককালে লক্ষ্মীরতন মমতার অত্যন্ত আস্থাভাজন হিসাবে পরিগণিত হতেন, সেখানে হাওড়ার এই প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলত্যাগীর মুখে তৃণমূলের নাম আসেনি।

বাংলা ও হিংসা
প্রসঙ্গত, গত রাতেই মন্ত্রী জাকির হোসেনের ওপর হামলার ঘটনায় গোটা রাজ্য হতচকিত। এরপর এদিনের অনুষ্ঠানে যোগ দিয়ে লক্ষ্মীরতন বলেন, তাঁর সমস্ত রাজনৈতিক দলের কাছে অনুরোধ যে যেন আর হিংসা ছড়ানো না হয়। তিনি বলেন,'রাজনীতি শুধু আসনের লড়াই। আমি যেখানে বসে আছি, ১০ মিনিট পর সেখানে অন্য কেউ বসে পড়বেন। '

বিজেপিতে কি যাচ্ছেন লক্ষ্মীরতন?
এদিকে, শুভেন্দু অধিকারীর পর রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো হাওড়ার তাবড় নেতারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এমত অবস্থায় প্রশ্ন উঠছে, সেই হাওড়ারই সন্তান লক্ষ্মীরতনও কি তাহলে বিজেপিতে যোগ দিচ্ছেন? সেই প্রশ্নের উত্তরে লক্ষ্মীরতন শুক্লা জানিয়েছেন,এখনই কোনও দলে যোগ দেওয়ার ইচ্ছা নেই। তিনি জানান, 'যেখানে ছিলাম সেখানেই আছি'।

কোন বিষয়ে মুখ খুললেন না লক্ষ্মী?
এরপরই ওই অনুষ্ঠানে লক্ষ্মীরতনকে প্রশ্ন করা হয় যে ভিক্টোরিয়া মেমোরিয়ালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের সময় বিজেপির তরফে 'জয় শ্রীরাম' স্লোগান প্রসঙ্গে। যা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি লক্ষ্মী। আর কিছু না বলেই কার্যত লক্ষ্মী জল্পনার পারদ এখনও জিইয়ে রাখলেন বলে দাবি একাধিক মহলের।












Click it and Unblock the Notifications