বাঙালি আবেগ ছুঁতে সরস্বতী পুজো থেকে শাহের সফর ঘিরে বিজেপির পর পর চমক! গেরুয়া কর্মসূচি খবরে
বাঙালি আবেগ ছুঁতে সরস্বতী পুজো থেকে শাহের সফর ঘিরে বিজেপির পর পর চমক! গেরুয়া কর্মসূচি খবরে
তৃণমূল একুশের ভোটের পারদ চড়িয়েছে বিজেপিকে 'বহিরাগত'-দের দল হিসাবে আখ্যা দিয়ে। একাধিক ভিন রাজ্যের নেতাকে তৃণমূল এই তকমায় কটাক্ষ করতে ছাড়েনি। এদিকে, একের পর এক বিজেপি নেতা শুধু বাংলায় এসে বাঙালি সংস্কৃতি নিয়েই চর্চা করেননি, বরং দিল্লির বুকেও একাধিক পদ্ম শিবিরের নেতা বাঙালি মণীষীদের উক্তি তুলে ধরেছেন নিজের বক্তব্যে। এবার সরস্বতী পুজো থেকে অমিত শাহের সফর ঘিরেও বাঙালি আবেগে শান দিয়ে যাচ্ছে বিজেপি।

সরস্বতী পুজো ও বিজেপি
জনসংযোগের হাত ধরে বিজেপি এবার বাঙালির মন পেতে চাইছে। আর সেই জায়গা থেকে এবার কামারহাটিতে সরস্বতীর মূর্তি ২ টাকায় স্থানীয়দের বিলি করার কর্মসূচি নিয়েছে বিজেপি। ভোটের আবহে নজর কাড়তে তথা বিজেপির হিন্দুত্বের বার্তাকে ছড়িয়ে দিতেই মদন গড় কামারহাটিতে এই পদক্ষেপ দেখা গেল বিজেপির তরফে।

বিজেপি কী বলছে?
বিজেপির তরফে বার্তা, 'ঠাকুরকে বিনা পয়সায় দিতে নেই বলে আমরা প্রতীকী ২ টাকা করে নিচ্ছি।' তাঁদের দাবি রাজ্যে শিক্ষার পরিবেশ যাতে ফিরে আসে , তা নিয়েই বিজেপির প্রার্থনা বাগদেবীর কাছে।

জেলায় জেলায় পুজো ও বিজেপি নেতাদের উপস্থিতি
এদিকে, বিভিন্ন জেলায় বাগদেবী বন্দনাতে দেখা গিয়েছে বিজেপি নেতা নেত্রীদের । বহু জায়গাতেই বিজেপি নেতারা সরস্বতী পুজোর উদ্বোধনে করেছেন। বঙ্গ বিজেপি প্রধান দিলীপ ঘোষ থেকে শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, রাহুল সিনহা ,সায়ন্তন বসুদের দেখা যায়।

বাঙালি আবেগ ছুঁতে ময়দানে অমিত শাহ
এদিকে, বাঙালি আবেগকে ছুঁয়ে এর আগে একের পর এক বিজেপি নেতারা বাংলার বুকে এসে তারাপীঠ থেকে কালীঘাটে পুজো দিয়েছেন। এবার অমিত শাহের ফেব্রুয়ারির সফরেও তাই একই স্ট্র্যাটেজিতে বাংলার ধর্মীয় আবেগকে ছোঁয়ার ভাবনা চিন্তা থাকছে। জানা গিয়েছে বাংলা সফরে এসে অমিত শাহ এবার সাগরে কপিল মুনির আশ্রমে যাবেন।
অমিত শাহের সফর ঘিরে ইতিমধ্যেই তৎপরতা রয়েছে সাগরে। একই লঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণে সেখানে বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন বলে খবর। ফলে সব মিলিয়ে বাঙালি আবেগ ছুঁতে একচুল জমিও ছাড়তে রাজি নয় বিজেপি।












Click it and Unblock the Notifications