মমতার মুখে 'হিন্দু হিন্দু' মোদীর সাফল্য, নন্দীগ্রাম ডুয়েলের পারদ চড়তেই বিস্ফোরক অধীর চৌধুরী
মমতার মুখে 'হিন্দু হিন্দু' মোদীর সাফল্য, নন্দীগ্রাম ডুয়েলের পারদ চড়তেই বিস্ফোরক অধীর চৌধুরী
মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের প্রার্থী হিসাবে হলদিয়ায় মনোনয়ন পেশ করেছেন। শিবরাত্রিতে তিনি পেশ করতে চলেছেন দলীয় ইস্তেহার। এদিকে, তার আগে ৯ মার্চ নন্দীগ্রামের মাটি ছুঁয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চণ্ডীপাঠ করেন। সেখানে তিনি চণ্ডীপাঠ করার পর থেকেই বিরোধী শিবিরের তুমুল তোপ আসতে শুরু করেছে মমতার দিকে। প্রসঙ্গ উঠছে হিন্দুত্ব কার্ড নিয়ে।

শুভেন্দুর তোপ
এদিন শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্য়োপাধ্যায়কে 'ভেজাল' হিন্দু বলে কটাক্ষ করেন। এমনকি নন্দীগ্রামে তাঁর স্টার প্রতিপক্ষকে টার্গেটে রেখে শুভেন্দু বলেন, মমতা যে চণ্ডীপাঠ করছেন তা সঠিকও নয়। পাশাপাশি, শুভেন্দুর দাবি নন্দীগ্রামে মমতার কোনও অবদান নেই বলে জানান শুভেন্দু।

মমতাকে টার্গেট
এদিন হিন্দুত্ব ইস্যুতে অধীর চৌধুরী তুমুল তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি একযোগে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেন, সাধারণ মানুষের কথা এই ভোটে কেউ বলছে না। সকলেই বলছে খালি 'সোনার বাংলা'র কথা।

'বিজেপিকে ভয়' এর মন্তব্য অধীরের মুখে!
অধীর চৌধুরী এদিন বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়প্রথমবার নিজেকে ব্রাহ্মণ প্রমাণ করার জন্য চেষ্টা করছেন।' একই সঙ্গে অধীরের দাবি আগে মমতা হিজাব পরে বলতেন তিনি মুসলিমদের রক্ষক। অধীরের দাবি 'আজকাল তাঁর হাবভাব বদলে গিয়েছে। এখন চণ্ডীপাঠ করেন। বিজেপির ভয়ে এসব করছেন।'

মোদীর সাফল্য
'মোদীজি বাংলার যাওয়ার পর অন্তত মমতার মুখে হিন্দু হিন্দু শোনা যাচ্ছে।' এমন বার্তা দিয়ে কার্যত এদিন বোমা ফাটিয়েছেন অধীর চৌধুরী। হাইভোল্টেজ নন্দীগ্রাম ডুয়েলের আগে অধীরের এই বার্তা এখানেই শেষ নয়। তিনি বলেন, ' মমতা বন্দ্যোপাধ্যায় মোদীর থেকেও বেশি পুজো করছেন।'

নন্দীগ্রাম ও মমতা
প্রসঙ্গত, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন প্রার্থীপদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন হলদিয়ায়। তিনি নিজে এদিন বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখবেন বলে জানিয়েছেন। এদিন গোটা দিন তিনি নন্দীগ্রামে থাকবেন বলেও জানা যাচ্ছে। রাত পোহালে তিনি ফের একবার কলকাতার পথে রওনা হবেন বলে খবর।












Click it and Unblock the Notifications