বাম, তৃণমূলকে দেখে শেষ অঙ্ক কষছে বিজেপি! মোদীর ব্রিগেডের পরই ঘোষণা হবে প্রার্থী তালিকা
প্রার্থী তালিকা ঘোষণা করার দিন ফের পিছিয়ে দিল বিজেপি। রবিবার ব্রিগেডে সভা করবেন নরেন্দ্র মোদী। মোদীর ব্রিগেডের পরেই প্রার্থী তালিকা ঘোষণা করবে বিজেপি। বিজেপির এবার পাখির চোখ করেছে বাংলাকে৷ তাই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ ভারতীয় জনতা পার্টি৷ তাই আসন ধরে ধরে দলের রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও প্রথম দুই দফার সব আসন নিয়ে আলোচনা শেষ হয়নি৷

বাংলার বিধানসভা ভোটে জিততে মরিয়া বিজেপি
এবার বাংলার বিধানসভা ভোটে জিততে যে বিজেপি কতটা মরিয়া, তা গত কয়েক মাসে স্পষ্ট হয়েছে৷ একদিকে যেমন কেন্দ্রীয় নেতারা বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন৷ অন্যদিকে তেমনই শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়দের মতো নেতারা তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন৷

প্রার্থী বাছাইয়ের আগে তুলমূল্য বিচার
বিজেপির প্রার্থী বাছাইয়ের আগে যে তুলমূল্য বিচার হবে, সেটাই স্বাভাবিক৷ বিজেপি সূত্রের খবর, রাজ্যস্তরে প্রতিটি আসনের জন্য একাধিক নাম বাছাই করা হয়৷ তার পর তা নিয়ে দিলীপ-মুকুল-শুভেন্দুরা হাজির হন দিল্লিতে৷ বৃহস্পতিবার সকাল থেকে দফায় দফায় বৈঠক হয়েছে বিজেপির৷ একদফা বৈঠক হয় শিবপ্রকাশের বাড়িতে৷ তার পর বৈঠক হয় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাসভবনে৷ সেখানে উপস্থিত ছিলেন অমিত শাহও৷

বিজেপির সদর দফতরে কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠক
তারপর সন্ধ্যায় বিজেপির সদর দফতরে কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠক৷ ওই কমিটির নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তিনি বৃহস্পতিবার সন্ধ্যাতেই চলে আসেন দলের দফতরে৷ তার পর রাজ্যওয়াড়ি বৈঠক শুরু হয়৷ বিজেপির একটি সূত্রের খবর রাত সাড়ে ৯টা নাগাদ বাংলার নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী৷ সেখানে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়, শুভেন্দু অধিকারী-সহ একাধিক বাংলার নেতা রয়েছেন৷ আছেন জেপি নাড্ডা, অমিত শাহ, রাজনাথ সিংয়ের মতো কেন্দ্রীয় নেতারাও৷

নন্দীগ্রামে মমতাকে চ্যালেঞ্জ জানাবেন শুভেন্দু?
এদিক নাড্ডার বাড়ির বৈঠক শেষে সংবাদমাধ্যমকে রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে প্রার্থী হতে চান৷ দলের বৈঠকে এমনটাই নাকি জানিয়েছেন কাঁথির অধিকারী বাড়ির মেজ ছেলে৷ তবে এই নিয়ে আর কারও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ কিন্তু এটা যদি হয়, তাহলে নন্দীগ্রামই হতে চলেছে এবারের বিধানসভা নির্বাচনের আকর্ষণের অন্যতম কেন্দ্র৷ কারণ, সেখানে লড়বেন বলে আজ চূড়ান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ফলে মমতার সঙ্গে শুভেন্দুর মুখোমুখি লড়াই হলে সেটাই সবচেয়ে আকর্ষণীয় হবে৷












Click it and Unblock the Notifications