'তোলাবাজ, জেল খাটা আসামী', দক্ষিনেশ্বর মন্দিরে পুজো দিয়েই মদন মিত্রকে বেনজির আক্রমণ বিজেপি প্রার্থীর
'তোলাবাজ, জেল খাটা আসামী', দক্ষিনেশ্বর মন্দিরে পুজো দিয়েই মদন মিত্রকে বেনজির আক্রমণ বিজেপি প্রার্থীর
কামারহাটিতে এবার হাড্ডাহাড্ডি লড়াই। একদিকে তৃণমূল কংগ্রেসের মদন মিত্র। অন্যদিকে বিজেপির রাজু বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার প্রার্থী তালিকা ঘোষণা করে জানিয়ে দিয়েছে বিজেপি। তারপরেই সকাল থেকে প্রচার শুরু করে দিয়েছেন রাজু। দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী। প্রথম দিনেই মদন মিত্রকে বেনজির আক্রমণ করেছেন রাজু। তৃণমূল কংগ্রেস প্রার্থীকে তোলাবাজ, জেলখাটা আসামী বলে আক্রমণ শানিয়েছেন তিনি।

কামারহাটিতে মদন ভার্সেস রাজু
কামারহাটি একেবারে সরগরম। তৃণমূল কংগ্রেসের মদন মিত্র বনাম বিজেপির রাজু বন্দ্যোপাধ্যায়ের হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে কামারহাটিতে।গতকালই বিজেপি কামারহাটি কেন্দ্রে রাজু বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করে। মদন মিত্রের বিপরীতে রাজুকে প্রার্থী করে তৃণমূলকে কড়া টক্কর দিয়েছে বিজেপি তাতে কোনও সন্দেহ নেই। প্রার্থী তালিকা ঘোষণার পরেই কোমর বেঁধে নেমে পড়েছেন কামারহাটির বিজেপি কর্মী সমর্থকরা।

দক্ষিণেশ্বরে পুজো রাজুর
শুক্রবার সকালে প্রচারের আগে দক্ষিণেশ্বর মন্দিরে যান রাজু বন্দ্যোপাধ্যায়। সকাল সাড়ে ১০টা নাগাদ বাইক বাহিনী নিয়ে বিজেপি প্রার্থী মন্দিরে পৌঁছন। সেখানে পুজো দিয়ে প্রণাম করে প্রচার শুরু করেন রাজু। বিজেপি প্রার্থীকে দেখতে ভিড় জমিয়েছিলেন বাসিন্দারা। পুজো দিয়ে রাজু জানিয়েছেন তিনি মায়ের কাছে কামারহাটির বাসিন্দাদের মঙ্গল কামনা করে প্রার্থনা করেছেন। এমনকী প্রতিপক্ষ মদন মিত্রের জন্যও তিনি মায়ের কাছে শুভ কামনা করেছেন বলে জানিয়েছেন রাজু।

মদন মিত্রকে আক্রমণ বিজেপি প্রার্থী
কামারহাটি যে প্রচার যুদ্ধ সরগরম করবে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। প্রথম দিন প্রচার শুরু করেই মদন মিত্রকে বেনজির আক্রমণ করেছেন রাজু বন্দ্যোপাধ্যায়। মদন মিত্র বহিরাগত। কামারহাটির বাইরে থেকে লোক এনে কামারহাটিতে অশান্তি ছড়াবেন মদন এমনই দাবি করেছেন বিজেপি প্রার্থী। একই সঙ্গে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে তোলাবাজ, জেলখাটা আসামী বলেও কটাক্ষ করেছেন রাজু। প্রসঙ্গত উল্লেখ্য সারদাকাণ্ডে দীর্ঘদিন জেলে ছিলেন মদন মিত্র।

মমতাকে নিশানা রাজুর
মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেছেন রাজু বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন তৃণমূলের গোলকিপারের এবার পা ভেঙে িগয়েছে। কাজেই এবার বিজেপি ২০০ পার করবে। দক্ষিণেশ্বরে পাড়ায় পাড়ায় গিয়ে তিনি প্রচার শুরু করেছেন। বাড়ি বাড়ি গিয়ে সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন বিজেপি প্রার্থী। কামারহাটির বাসিন্দা রাজু বন্দ্যোপাধ্যায়। কামারহাটির উন্নয়নের স্বার্থে বিজেপি কাজ করবে বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications