WB Assembly Bye Election 2024: বাংলায় উপনির্বাচনে ভাঙল বামেদের সঙ্গে জোট, ৬ আসনেই প্রার্থী দিল কংগ্রেস
WB Assembly Bye Election 2024: প্রদেশ কংগ্রেস সভাপতি বদলের পর বাংলায় প্রথমবার নির্বাচন হচ্ছে। আর তাতেই ভেঙে গেল বাম-কংগ্রেস জোট।
বেশ কয়েক দিন ধরেই জল্পনা চলছিল। বিশেষ করে সীতারাম ইয়েচুরির প্রয়াণ এবং প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে অধীর চৌধুরীর অপসারণের পরই বাংলায় বাম-কংগ্রেস জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল।

আগামী মাসেই রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। তার মধ্যে গত বিধানসভা নির্বাচনে পাঁচটিতেই তৃণমূল কংগ্রেস এবং একটিতে বিজেপি প্রার্থী জয়লাভ করেছিলেন। মূলত বিধায়করা লোকসভা ভোটে জিতে সাংসদ হওয়াতেই বিধানসভা উপনির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়েছে।
গতকাল বামেদের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছিল। যাতে দেখা গিয়েছে একটি আসন দেওয়া হয়েছে সিপিআই (এমএল) লিবারেশনকে। হাড়োয়া কেন্দ্রটির প্রার্থীর নাম বামেদের তালিকায় ছিল না। তাতেই স্পষ্ট হয়ে যায় উপনির্বাচনে জোট হচ্ছে না।
বামেদের প্রার্থী তালিকা অনুযায়ী সিতাইয়ে ফরওয়ার্ড ব্লকের অরুণ কুমার বর্মা, মাদারিহাটে আরএসপির পদম ওরাওঁ, নৈহাটিতে সিপিআই (এমএল) লিবারেশনের দেবজ্যোতি মজুমদার, মেদিনীপুরে সিপিআইএমের মণি কুন্তল খামরুই ও তালড্যাংরায় সিপিআইএমের দেবকান্তি মহান্তিকে প্রার্থী করা হয়েছে।
কংগ্রেসের টিকিটে উপনির্বাচনে সিতাইয়ে লড়বেন হরিহর রায় সিংহ। মাদারিহাটে বিকাশ চম্প্রমারি, নৈহাটিতে পরেশনাথ সরকার, হাড়োয়ায় হাবিব রেজা চৌধুরী, মেদিনীপুরে শ্যামল কুমার ঘোষ ও তালড্যাংরায় তুষারকান্তি সান্নিগ্রাহীকে প্রার্থী করল কংগ্রেস।












Click it and Unblock the Notifications