পিংলার ব্রাহ্মণবাড় গ্রামেই ফের বিস্ফোরণ, আতঙ্কে কাঁটা গ্রামবাসীরা
পিংলা, ১৪ মে : সাত দিনের মাথায় ফের পশ্চিম মেদিনীপুরের পিংলার ব্রাহ্মণবাড় গ্রামই বিস্ফোরণে কেঁপে উঠল। গত ৭ মে যে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছিল এদিন ঠিক সেখানেই আবারও বিস্ফোরণ হয়েছে বলে জানা গিয়েছে।
এদিন ভারতী মুৎসুদ্ধি, চন্দন সেন সহ একাধিক বিদ্বজ্জনেরা পিংলার সেই গ্রাম পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে তাঁরা থাকাকালীনই ফের এদিন বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। এমনটাই জানা গিয়েছে। বিদ্বজ্জনেদের অভিযোগ, এলাকায় এখনও বিপুল পরিমাণে বিস্ফোরক মজুত রয়েছে। স্থানীয় দুষ্কৃতীদের আড়াল করতেই এমনভাবে গোটা ঘটনাকে আড়াল করে রাখা হচ্ছে।

ঘটনা হল, পুলিশের একটি বাহিনী সেদিনের ঘটনার পর থেকেই ওই এলাকায় পাহারায় রয়েছে। যদি সত্যিই সেখানে এখনও বিস্ফোরক মজুদ করা থাকে তাহলে পুলিশ সেগুলিকে সরিয়ে নিচ্ছে না কেন?
আর এখানেই সন্দেহ দানা বাঁধছে আতঙ্কিত গ্রামবাসীদের মধ্যে। এদিন বিস্ফোরণের পর ফের একবার পিংলা ও আশেপাশের গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এরপরও কি এই বিস্ফোরণকে বোমা নয় বাজির ধামাকা বলবে প্রশাসন, প্রশ্ন তুলছেন গ্রামবাসীরা।
প্রসঙ্গত, গত ৭ মে পশ্চিম মেদিনীপুরের পিংলার ব্রাহ্মণবাড় গ্রামে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের জেরে মৃত্যু হয় ১২ জনের। গুরুতর আহত হন বেশ কয়েকজন গ্রামবাসী। ঘটনার পর বেআইনি বাজি কারখানার মালিকের নাম রঞ্জন মাইতিকে গ্রেফতার করে পুলিশ।












Click it and Unblock the Notifications