Weather Update: নিম্নচাপের জেরে শীতে বাধা, আগামী ৪৮ ঘণ্টায় আরও চড়বে পারদ! জেনে নিন আবহাওয়ার আপডেট
Weather Update: জাঁকিয়ে শীত পড়লেও তা ক্ষণস্থায়ী। প্রতি পদে পদে বাধা হয়ে দাঁড়াচ্ছে নিম্নচাপ ও পশ্চিমী ঝঞ্ঝা। ডিসেম্বরের মাঝামাঝি সপ্তাহ চলে এলেও ফের উত্তুরে হাওয়ার পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে নিম্নচাপ (Depression)। যার জেরে শনিবার, রবিবার ও সোমবার ভালো শীত থাকার পর মঙ্গলবার ফের তাপমাত্রা বেড়ে গেল।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপের জেরে আগামী ২ দিন উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বাড়বে তাপমাত্রা। ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ২ দিনে আড়াই ডিগ্রি তাপমাত্রা বেড়েছে। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশেপাশে থাকবে।

শীতের পথে কাঁটা বৃষ্টি। নিম্নচাপের জেরে সপ্তাহের শেষে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার কলকাতা-সহ রাজ্যের ১১ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকেই মুখ ভার হবে আকাশের। মেঘলা আকাশ থাকবে শনিবার পর্যন্ত। শনিবারও বৃষ্টির পূর্বাভাস (Rain Alert) রয়েছে। তবে তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের পূর্বাভাস দেওয়া হয়নি।
দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও হালকা বৃষ্টি হতে পারে সপ্তাহের শেষে। আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ রাজ্যজুড়ে বছর শেষে শীতের মজায় ভাটা ফেলতে চলেছে বৃষ্টি।
এদিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে সকালের দিকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশা থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে। বুধবার ঘন কুয়াশা পড়তে পারে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে।
তবে আগামী ৪৮ ঘণ্টায় আরও চড়বে পারদ। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে উত্তর-পশ্চিম ভারতে। এর ফলে তুষারপাতের সম্ভাবনা উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।
লাক্ষাদ্বীপ এবং পাকিস্তানের দুটি ঘূর্ণাবর্ত রয়েছে। চরম শৈত্য প্রবাহের (Cold Wave Alert) সতর্কতা রয়েছে মধ্যপ্রদেশ, জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, পঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, ওড়িশা, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া,তেলঙ্গানায়।












Click it and Unblock the Notifications