Weather Update: বড়দিনে উধাও শীতের আমেজ, কেমন কাটবে বর্ষবরণের রাত? আবহাওয়ার বড় পরিবর্তনের পূর্বাভাস
Weather Update: বড়দিনে উধাও শীতের আমেজ, কেমন কাটবে বর্ষবরণের রাত? আবহাওয়ার বড় পরিবর্তনের পূর্বাভাস
শীত উধাও শহরে। ক্রিসমাস ইভের শহরে হালকা চাদরেই উৎসবের আমেজে ভাসলেন শহরবাসী। বড়দিনের সকাল থেকেই চার্চে প্রার্থনা করতে হাজির সকলে। অনেকের গায়েই সোয়েটার নেই। হালকা টাদর-জ্যাকেট গায়ে চড়িয়েই ছুটির আমেজে বেড়িয়ে পড়েছেন সকলে। আগেই অবশ্য তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই তাপমাত্রা আবারও নামবে আশা দিয়েছেন আবহাওয়াবিদরা।

চড়ল পারদ
আগেই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। ঘূর্ণাবর্তের জেরে তাপমাত্রা বাড়বে রাজ্যে। বিপরীত ঘূর্ণাবর্তের জেরে
প্রচুর জলীয় বাস্প ঢুকতে শুরু করেছে রাজ্যে। তার জেরেই তাপমাত্রার এই বৃদ্ধি বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সেই মত জাঁকিয়ে শীতের আমেজ ছাড়াই বড়দিন কাটাতে হচ্ছে শহরবাসীকে। হালকা জ্যাকেট গায়ে দিয়েই চলছে উৎসবের আনন্দ। একদিকে রবিবার তার উপরে বড়দিন। সকাল থেকে বাড়ির কচিকাঁচাদের নিয়ে বেরিয়ে পড়েছেন সকলে। রোদঝলমলে আকাশে তাপমাত্রার পারদ চড়তে শুরু করে দিয়েছে। এক প্রকার মনোরম আবহাওয়ায় বড়দিনের উৎসবে মেতেছেন সকলে।

১৭ ডিগ্রিতে কলকাতা
বড়দিনে যেখানে জাঁকিয়ে শীত পড়ার কথা শহরে। সেখানে উধাও শীত। এক ধাক্কায় ১৫ ডিগ্রি পার করে ১৭ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে তাপমাত্রার পারদ। অর্থাৎ সোয়েটার পরে বাড়ি থেকে বেরোলেও রাস্তায় গরমের চোটে সোয়েটার খুলে রাখতে হচ্ছে। সবচেয়ে সমস্যা হচ্ছে শিশুদের নিয়ে। ঠাণ্ডা-গরমের জেরে সর্দি-কাশি শুরু হয়ে যাচ্ছে। সোয়েটার পরালে ঘেমে যাচ্ছে তারা আবার সোয়েটার খুলে রাখলে ঠান্ডা লেগেছে যাচ্ছে। আপাতত কয়েকদিন তাপমাত্রা উর্ধ্বমুখী থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

বর্ষশেষে জাঁকিয়ে শীত
বড়দিনে শীতের অভাব মিটিয়ে দেবে বর্ষশেষের রাত। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, বর্ষশেষে জাঁকিয়ে শীত পড়বে শহরে। সপ্তাহান্তে তাপমাত্রা হু হু করে নামবে। বুধবার থেকে তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ২৯ এবং ৩০ তারিখে তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বিপরীত ঘূর্ণাবর্তের প্রকোপ কাটতে শুরু করার সঙ্গে সঙ্গেই হু হু করে উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করবে রাজ্যে। তার জেরে পারদ পতন শুরু হয়ে যাবে।

হালকা বৃষ্টির পূর্বাভাস
আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যের কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে সপ্তাহান্তে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা নামতে শুরু করবে বুধবার থেকেই। সপ্তাহান্তে একাধিক জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরেই তাপমাত্রার পারদ পতন শুরু হয়ে যাবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার জেরেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।












Click it and Unblock the Notifications