Weather Update: রোদের তেজ নেই, জাঁকিয়ে শীত বঙ্গে, আরও পারদ পতনের পূর্বাভাস আবহাওয়া দফতরের
Weather Update: রোদের তেজ নেই, জাঁকিয়ে শীত বঙ্গে, আরও পারদ পতনের পূর্বাভাস আবহাওয়া দফতরের
হু হু করে নামছে পারদ। শহরের তাপমাত্রা ১৪ ডিগ্রিতে নেমে গিয়েছে। জেলাতে আরও পারদ পতন শুরু হয়ে গিয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও তাপমাত্রা নামবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও শুরু হয়ে গিয়েছে পারদ পতন। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ িডগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। বেলা বাড়লেও রোদের দেখা মিলছে না। যার জেরে আরও বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে।

জাঁকিয়ে শীত শহরে
বৃহস্পতিবার থেকে পারদ পতনের পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। কিন্তু তার আগে থেকেই শহরে শুরু হয়ে গিয়েছে পারদ পতন। হু হু করে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। তার উপরে আবাক কুয়াশা মাখা সকাল আরও শীতের কাঁপুনি ধরাচ্ছে। গত তিনদিন ধরে শহরে তেমন রোদের দেখা মিলছে না। যার জেরে আরও ঠান্ডা অনুভূত হচ্ছে। রাতের পাশাপাশি দিনের বেলাতেও শীত অনুভূত হচ্ছে।

আরও পারদ পতনের পূর্বাভাস
কলকাতার পাশাপাশি জেলাতেও হু হু করে নামছে তাপমাত্রার পারদ। আরও নামবে তাপমাত্রা এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিনে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কাজেই সপ্তাহান্তে জাঁকিয়ে শীত পড়তে চলেছে এমনই ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। শুধু রাতের পারদ পতনই হবে না। দিনের বেলাতেও জাঁকিয়ে শীত অনুভূত হবে। কুয়াশার জেরে আরও ঠান্ডা অনুভূত হচ্ছে। জেলাগুলিতে ইতিমধ্যেই তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। বিশেষ করে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূমে তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নেমে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গে জাঁকিয়ে শীত
উত্তরবঙ্গেও পারদ পতন শুরু হয়ে গিয়েছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে আরও পারদ পতন হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যেই তাপমাত্রা নামতে শুরু করেছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ১০ ডিগ্রির নীচে নেমে গিয়েছে পারদ। তার উপরে কুয়াশার জেরে আরও শীত অনুভূত হয়েছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কুয়াশার চাদর থাকবে। ইতিমধ্যেই সান্দাকফুতে তুষারপাত হয়েছে। তাপমাত্রা সেরকম কমলে দার্জিলিঙেও তুষারপাত হতে পারে। আশায় বুক বাঁধছেন পর্যটকরা।

শৈত্য প্রবাহের সতর্কতা
উত্তর ভারত জুড়ে শৈত্য প্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। হরিয়ানা, চণ্ডীগড় এবং রাজধানী দিল্লিতে শনিবার পর্যন্ত জারি থাকবে শৈত্য প্রবাহ। পশ্চিমী ঝঞ্ঝা সরে জেতেই পারদ পতন শুরু হয়ে গিয়েছে উত্তর ভারত জুড়ে। কারণ উত্তুরে হাওয়ার প্রবেশে আর কোনও বাধা থাকছে না। উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে আগে থেকেই শুরু হয়ে গিয়েছে তুষারপাত। উত্তর ভারতের পাশাপাশি পশ্চিমভারতের রাজ্যগুলিতেও পারদ পতনের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে মধ্য ভারতেও তাপমাত্রা নামবে।












Click it and Unblock the Notifications