Weather update: লক্ষ্মীপুজো কি মেঘমুক্ত হবে? কী বলছে হাওয়া অফিস জেনে নিন
Weather update: লক্ষ্মীপুজো কি মেঘমুক্ত হবে? কী বলছে হাওয়া অফিস জেনে নিন
হাতে আর কটা দিন। তারপরেই বাঙালির ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মীপুজো। কিন্তু সংকট একটাই বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর যে ইঙ্গিত দিচ্ছে তাতে একেবারেই মেঘমুক্ত হবে না লক্ষ্মীপুজো। মেঘলা থাকবে আকাশ তার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। মোটের উপরে বর্ষণ তেমন ভাবে মাটি করতে পারেনি দুর্গাপুজোর আনন্দ। লক্ষ্মীপুজোতেও সেটাই হবে আশা করা যায়।

লক্ষ্মীপুজোয় মেঘের ঘনঘটা
কিছুতেই মেঘমুক্ত হতে পারছে না আকাশ। পুজোতে বিক্ষিপ্ত বর্ষণের পর এবার লক্ষ্মীপুজোতেও বর্ষা কাঁটা। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে লক্ষ্মীপুজোও মাটি করবে বর্ষণ। আগামী ৯ তারিখ লক্ষ্মীপুজো। কোজাগরী লক্ষ্মীপুজো ঘিরে বাঙালির ঘরে ঘরে থাকে তৎপরতা। লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠেন সকলে। কিন্তু এবার এই পুজোতেও কাঁটা হয়ে উঠতে চলেছে বর্ষণ।

কী বলছে হাওয়া অফিস
পুজো এগিয়েছে। কাজেই বর্ষা বিদায়ের সময় হয়নি। অন্যান্যবার বর্ষা বিদায়ের পরে শুরু হয় পুজো। এবার উল্টো হয়েছে। সেকারণেই এখনও বর্ষার প্রভাব রয়ে গিয়েছে রাজ্যে। একদিকে বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণাবর্ত। আরেক দিকে মৌসুমী অক্ষরেখার অবস্থান। দুয়ে মিলে লক্ষ্মীপুজোতেও বর্ষণের ঘনঘটা হবে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। লক্ষ্মীপুজোয় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। ভিজবে উত্তরবঙ্গও। বর্ষা বিদায় নিতে এখনও চার থেকে পাঁচদিন সময় লাগবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় বর্ষণ
দক্ষিণবঙ্গে আগামী চার থেকে পাঁচ দিন প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বর্ষণ হবে। উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণ বঙ্গের অধিকাংশ জেলাতেই বর্ষণ হবে। গতকাল থেকেই বিক্ষিপ্ত বর্ষণ হচ্ছে রাজ্যের একাধিক জায়গায়। আজ আবার পুজো কার্নিভাল রয়েছে শহরে। বর্ষাসুরের দাপটে সেই পুজো কার্নিভাল মাটি হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তবে হাওয়া অফিস জানিয়েছে লক্ষ্মীপুজোর পর থেকে রাজ্য থেকে বিদায় নিতে শুরু করবে বর্ষা।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া
উত্তরবঙ্গের সব জেলাতেই বর্ষণ হয়েছে পুজো জুড়ে। ভারী বর্ষণের দাপটে একাধিক পুজোর প্যান্ডেল মাটি হয়েছে। পুজোর চারদিন উত্তরবঙ্গে বর্ষণের দাপট দেখিয়েছে বর্ষা। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে। শনিবার কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।












Click it and Unblock the Notifications