Weather Update: দীপাবলিও বৃষ্টি মুক্ত হবে না, আগামী সপ্তাহের মধ্যেই হানা দেবে নতুন নিম্নচাপ
নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। কাজেই আপাতত বৃষ্টিমুক্ত হওয়ার কোনও সম্ভাবনা নেই। আগামী ২৩ অক্টোবর বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তার জেরে বর্ষণ চলবে।
মধ্যবঙ্গোপসাগরে অবস্থান করছে নিম্নচাপটি। সমুদ্রপৃষ্ঠের প্রায় ৫.৮ কিলোমিটার পর্যন্ত তার বিস্তৃতি। সেটি ধীরে ধীরে শক্তি বাড়াতে শুরু করে দিয়েছে। ২৩ অক্টোবরের মধ্যে সেটি নিম্নচাপের রূপ নিতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তার প্রভাবে ২৩ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে রাজ্যের একাধিক জেলায়। ২৩ অক্টোবর নিম্নচাপ তীব্র আকার নিলে উপকূলের জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়বে।

সেকারণে বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে ২৩ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি বর্ষণ চলবে। উপকূলবর্তী বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল অর্থাওৎ সোমবার ২১ অক্টোবর দুই ২৩ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।
এদিকে উত্তরের রাজ্যগুলিতে শীতের আগমবার্তা শোনা গিয়েছে। সিকিমের নাথুলা পাসে তুষারপাত হয়েছে। সিমলাতেও তুষার পাতের খবর মিলেছে। কিন্তু কলকাতায় এখনও পর্যন্ত তেমন শীতের পরিস্থিতি তৈরি হয়নি। উল্টে লাগাতার বর্ষণই হয়ে চলেছে। তারমধ্যে গরমের দাপটও কিছু কম নয়। বৃষ্টি হলেও এখনও ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে।
আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় তেমন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ। আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। সেই সঙ্গে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। গত কয়েকদিনে কলকাতায় মাঝে মধ্যেই বৃষ্টি হয়েছে তবে ভ্যাপসা গরম কমছে না।












Click it and Unblock the Notifications