ঘনীভূত নিম্নচাপ অক্ষরেখা, আজও চলবে বৃষ্টি, পাহাড়ে ধস নামার আশঙ্কা
ঘনীভূত নিম্নচাপ অক্ষরেখা, আজও চলবে বৃষ্টি, পাহাড়ে ধস নামার আশঙ্কা
রাজস্থান থেকে অসম পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। যার জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে উত্তর বঙ্গের জেলাগুলিতেও। দার্জিলিংয়ে বৃষ্টির জেরে ধস নামার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করা হয়েছে। ইতিমধ্যেই ভারী বৃষ্টির কারণে একাধিক নদীর জল বাড়তে শুরু করেছে।

ঘনীভূত নিম্নচাপ অক্ষরেখা
ফের সক্রিয় মৌসুমি বায়ু। রাজস্থান থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। উত্তর প্রদেশ হয়ে বিহার এবং উত্তরবঙ্গের উপর দিয়ে অসম পর্যন্ত চলে গিয়েছে নিম্নচাপ অক্ষরেক্ষা। যার জেরে গতকাল থেকে দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে। বৃষ্টি চলছে উত্তর বঙ্গের জেলাগুলিতেও।

ভারী বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে ভারী বর্ষণ চলবে। গতকাল সকাল থেকে প্রবল বৃষ্টিতে ভিজেছে কলকাতা ও সংলগ্ন এলাকাগুলি। দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান, হুগলি সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে মাঝারি বৃষ্টি হবে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।

উত্তরবঙ্গে অতিভারী বর্ষণ
উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি চলছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ইতিমধ্যেই বৃষ্টির কারনে জল বেড়েছে পাহাড়ের নদীগুলিতে। তিস্তা, তোর্ষা নদীতে জলস্তর বেড়েছে। পাহাড়েও চলছে বৃষ্টি। যার জেরে দার্জিলিঙের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। কয়েকদিন আগেই ধন নেমে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল দার্জিলিং-শিলিগুড়ি।

বিহারে বন্যা পরিস্থিতি
ইতিমধ্যেই প্রবল বর্ষণে বিহারে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। গঙ্গা সহ একাধিক নদীর জলস্তর বেড়েছে।নীচু এলাকা গুলি প্লাবিত হয়েছে। দ্বারভাঙা জেলায় ইতিমধ্যেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বিহারের নদীতে জল বাড়লে ব্যারাজগুলি থেকে জল ছাড়ার আশঙ্কা রয়েছে। তাতে প্লাবনের সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জায়গায়।












Click it and Unblock the Notifications