Weather Update: বিকেল থেকেই আবহাওয়ার বড় পরিবর্তন, মহাসপ্তমীতে প্যান্ডেল হপিংয়ের আগে জেনে নিন আপডেট
মহাসপ্তমী আজ। সকাল থেকেই পুজো শুরু হয়ে গিয়েছে। কাকভোরে নবপত্রিকা স্নানের মধ্যদিকে শুরু হয়েছে মহাসপ্তমীর পুজো। সকাল থেকে বেশ রোদ ঝলমলে আকাশ। সকাল সকাল প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে পড়েছেন অনেকেই।
কিন্তু আলিপুর আবহাওয়া দফতর আবার দুঃসংবাদ শুনিয়েছেন। বিকেলের পর থেকে নাকি একেবারেই বদলে যাবে আবহাওয়া। বিকেলের পর থেকে একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মহাষষ্ঠীতেও বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। তবে কলকাতায় হয়নি। তাই নির্বিঘ্নেই ঠাকুর দর্শন করেছেন সকলে। কিন্তু মহাসপ্তমী একেবারে দুর্যোগ মুক্ত হবে বলে নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না।

সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ। মহাসপ্তমীতেই বেশ পুজোর আমেজ গোটা রাজ্যে। কিন্তু বিকেলের পর থেকেই ফের আকাশের মুখ ভার হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে মুষলধারে বৃষ্টির সম্ভাবনা নেই। বিকেলের পর থেকে কিছু কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। কাজেই বিকেলে সেজেগুজে বেরোনোর সঙ্গে সঙ্গে যেন ছাতাও সঙ্গে নিয়ে বেরোন সকলে।
শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝে মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। রবিবারের পর ভারী বৃষ্টির সম্ভাবনা একেবারেই কমে যাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অর্থাৎ ১৫ অক্টোবরের পর থেকে ধীরে ধীরে বর্ষা বিদায় নিতে শুরু করবে।
বৃষ্টি হলেও গরম কিন্তু কমছে না। যাকে বলে গলদঘর্ম হয়েই নতুন পোশাকে প্যান্ডেল হপিং করতে হচ্ছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও অনেকটাই বেশি। মহাসপ্তমীতেও শহরের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকে। তার সঙ্গে প্যাচপ্যাচে গরম তো থাকছেই। বৃষ্টির কারণে সাময়িক রেহাই মিললেও মনোরম আবহাওয়ার আশা খুব একটা নেই বললেই চলে।












Click it and Unblock the Notifications